২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাওকালে নিহত ২ ব্যক্তির পরিচয় পাওয়া গেছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় ঘেরাওকালে বুধবার পুলিশের গুলিতে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

নিহতরা হচ্ছে  আব্বাস বাজারের মঞ্জুর আলীর ছেলে কাজল (৩৫) ও চককীর্তি গ্রামের বিশ্বজিতের ছেলে নয়ন (২৩)।

নিহতদের ময়না তদন্ত বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের গুলি বর্ষণের ঘটনায় বৃহস্পতিবারও এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। উত্তেজিত জনতা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে স্থানীয় এমপি শাজাহান আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শনে এসে উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন। তারা এমপিকে গালি-গালাজ করেন এবং গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ভাংচুর ও হামলার ঘটনায় সমিতির এজিএম এস এম নাসিরুদ্দিন বাদী হয়ে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক গোলাম রব্বানীকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

এপর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।