২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ঘরমুখী মানুষ দ্বিগুন টাকা দিয়েও বাস, ট্রেন, লঞ্চের টিকিট পাচ্ছেন না

পবিত্র ঈদুল আযহায় ঘরমুখী মানুষের কাছে বাস, ট্রেন বা লঞ্চের টিকিট সোনার হরিণে পরিণত হয়েছে। ইতোমধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। স্বাভাবিক ভাড়ার দ্বিগুণ টাকা দিয়েও ঈদের আগের তিনদিনের টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

৩০ ডিসেম্বর টিকিট ছাড়ার পর প্রথম দু’দিনেই ৮ থেকে ১০ জানুয়রির প্রায় সব টিকেট বিক্রি হয়ে গেছে। অনেকে ওই সময়ে টিকেট বুকিং দিলেও তারা ৩ জানুয়ারির আগেই টিকিট নিয়ে গেছেন। এ অবস্থায় কাউন্টারগুলোতে ওই তিনদিনের কোনো টিকিট নেই।

এতে প্রতি বছরের মতো এবারো যাত্রীদের ঘরে ফিরতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম মুর্শেদ পিন্টু ভাড়া বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার ঢাকার শ্যামলীতে হানিফ এন্টারপ্রাইজ, কেয়া পরিবহন, খালেক এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, শ্যামলী পরিবহনসহ কয়েকটি কাউন্টারে গিয়ে অনেককেই টিকেটের জন্যে অপেক্ষা করতে দেখা যায়।

কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে। ঢাকা থেকে উত্তরাঞ্চলের নীলফামারী, ডোমার, ডিমলা, জলঢাকা ও দেবীগঞ্জের ভাড়া ধরা হয়েছে ৩৮০ টাকা, অন্য সময়ের ভাড়া হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। দিনাজপুরের ভাড়া ধরা হয়েছে ৩৫০ টাকা, যা অন্য সময়ে ২২০ টাকা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ভাড়া ধরা হয়েছে ৩৭০ টাকা।

কুড়িগ্রাম, বুড়িমারি, লালমনিরহাট এলাকার প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। এটি অন্য সময়ে ১৮০ থেকে ২৪০ টাকা পর্যন্ত ছিল।

খুলনা, সাতক্ষীরা ও যশোরের জন্যে টিকিটের দাম করা হয়েছে ৩৩০ থেকে ৩৭০ টাকা পর্যন্ত। অন্য সময়ের তুলনায় এখন ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে। বরিশাল, পিরোজপুর ও বাগেরহাট এলাকার জন্যে টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা।

খালেক এন্টারপ্রাইজের সামনে কথা হলো পার্বতীপুরের যাত্রী ডা. ফরহাদের সাথে। তিনি বিডিনিউজকে জানালেন, স্ত্রী কলেজ শিক্ষিকা শাহানাকে সাথে নিয়ে তিনি বাড়ি ফিরবেন। প্রথম দিকে আসতে না পারায় ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কোনো টিকেট তিনি পাননি। গত তিন দিন ধরে কাউন্টারে কাউন্টারে ঘুরেও কোনো লাভ হয়নি। ফলে তার ঘরে ফেরা একরকম অনিশ্চিত হয়ে পড়েছে।

একইরকম মন্তব্য করলেন খুলনার যাত্রী নাজনীন সিদ্দিকী। তিনি তার পেশাগত কারণে ৯ জানুয়ারি পর্যন্ত গ্রামে ফিরতে পারবেন না। কিন্তু ওই দিনের টিকিট তো নেইই, নেই তার আগের দিনের টিকেটও। ফলে পরিবারের সাথে তার ঈদ করা হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার কর্মী আনিসুল হক বিডিনউজকে জানান, প্রতি বছরের মতো এবারো টিকিটের জন্যে প্রচুর চাহিদা রয়েছে। গাড়ি স্বল্পতার কারণে তারা সবাইকে টিকেট দিতে পারছেন না। তবে কর্তৃপক্ষ বাড়তি গাড়ির ব্যবস্থা করতে পারে বলে তিনি জানান।

একই অবস্থা দেখা গেছে ঢাকার কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ঈদের আগের তিনদিনের কোনো টিকিট না পেয়ে অনেকেই আগেভাগেই ছুটি নিয়ে এলাকায় ফিরতে শুরু করেছেন।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম মুর্শেদ পিন্টু বিডিনিউজকে জানান, সরকার নির্ধারিত হার অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি। অন্য সময় যাত্রীদের আকৃষ্ট করতে মালিক সমিতি ভাড়া কম রাখে। আর তখন দু’দিক থেকে সমানভাবে যাত্রী যাতায়াত করে।

অন্যদিকে ঈদের সময় শুধু একদিকের যাত্রী পাওয়া যায়। বিভিন্ন এলাকা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যানবাহনগুলো একেবারেই ফাঁকা হয়ে ফেরে। সে ক্ষতি পুষিয়ে নিতেই ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়। তিনি চাঁদাবাজির অভিযোগও অস্বীকার করেন।

বিভিন্ন কাউন্টারে টিকেট সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ঈদে ঘরে ফেরা বেশিরভাগ মানুষই ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন। পর্যাপ্ত পরিবহন না থাকায় অনেকেই টিকেট পাননি। তবে ঈদের আগে কিছু সাধারণ গাড়িও দূরপাল্লার সড়কে চলাচল করবে। ফলে তেমন কোনো সংকট থাকবে না।