২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪১তম

অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে পৃথিবীর ১৬১ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম। ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত ২০০৬ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বাংলাদেশ ৩ দশমিক ৮৮ পয়েন্ট পেয়ে চারটি ক্যাটাগরির মধ্যে তৃতীয় ক্যাটাগরিতে পড়েছে। অর্থনৈতিক স্বাধীনতার এই সূচকে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেগুলো হলো-- স্বাধীন, বেশ স্বাধীন, স্বাধীন নয় এবং অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে বঞ্চনার শিকার।

১ দশমিক ২৮ পয়েন্ট পেয়ে হংকং এই সারণীতে প্রথম অবস্থানে রয়েছে। এরপর পরই ১ দশমিক ৫৬ পয়েন্ট পেয়ে সিংগাপুর দ্বিতীয় এবং ১ দশমিক ৫৮ পয়েন্ট পেয়ে আয়ারল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে। অর্থনৈতিক এই সূচকের প্রথম ক্যাটাগরিতে (স্বাধীন) ১৯ টি দেশ স্থান পেয়েছে।

সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। সার্কের সাতটি দেশের মধ্যে পাঁচটি এ সূচকের আওতায় এসেছে।

সার্কের অপর একটি দেশ শ্রীলংকা ৩ দশমিক ১৯ পয়েন্ট পেয়ে রোমানিয়ার সঙ্গে একই সঙ্গে ৯২ তম স্থানে রয়েছে, যা সার্ক দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান। এরপরই ৩ দশমিক ৩৩ পয়েন্ট পেয়ে পাকিস্তান রয়েছে ১১০ তম অবস্থানে, ৩ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে ভারত রয়েছে ১২১ তম অবস্থানে, ৩ দশমিক ৫৩ পযেন্ট পেয়ে নেপাল রয়েছে ১২৫ তম অবস্থানে। এই সূচকে ভুটান ও মালদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়নি।

সার্কের সকল দেশ অর্থনৈতিক স্বাধীনতা সূচকের তৃতীয় ক্যাটাগরিতে পড়েছে।

আগের বছরের তুলনায় বাংলাদেশ ০ দশমিক ০৭ পয়েন্ট কমাতে পেরেছে। দেশটি আর্থিক নীতির ক্ষেত্রে থেকে অন্যান্য অনেক এলাকা থেকে ভালো অবস্থায় রয়েছে। এ সূচকে কম স্কোর করাটি ভালো অবস্থান নির্দেশ করে।

এই সূচকে যেভাবে স্কোরিং করা হয়, তা হলো-- আর্থিক নীতির জন্যে দুই পয়েন্ট, মজুরি ও মূল্যের জন্যে তিন পয়েন্ট, আর্থিক চাপের জন্য ৩ দশমিক ৩ পয়েন্ট, সরকারি হস্তক্ষেপ, বিদেশি বিনিয়োগ, ব্যাংকিং ও আর্থিক এবং সম্পত্তি অধিকারের জন্যে ৪ পয়েন্ট করে, অপ্রাতিষ্ঠানিক বাজারের জন্যে ৪ দশমিক ৫ এবং বাণিজ্যনীতির জন্য ৫ পয়েন্ট।

সরকারি হস্তক্ষেপ বিষয়ে এ বছর বাংলাদেশের স্কোর দশমিক ৫ পয়েন্ট কমেছে। অন্যদিকে আর্থিক চাপ বেড়েছে দশমিক ২ পয়েন্ট এবং ব্যাংকিং ও ফাইন্যান্স খাতে বেড়েছে ১ পয়েন্ট। এর ফলে সার্বিকভাবে অন্য বছরের তুলনায় দশমিক ০৭ পয়েন্ট স্কোর বৃদ্ধির মাধ্যমে অপেক্ষাকৃত ভালো অবস্থানে এসেছে বাংলাদেশ।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং হেরিটেজ ফাউন্ডেশন বাংলাদেশ সম্পর্কে তাদের রিপোর্টে বলেছে, বাংলাদেশে দুর্বল আইনের শাসনের কারণে দাপ্তরিক দুর্নীতি, সামাজিক অপরাধ ও রাজনৈতিক সহিংসতা বিশ্বের মধ্যে অন্যতম ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। আর এগুলো বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখনও প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।

রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে আরও বলা হয়েছে, সরকারের সরলীকরণ নীতি দেশের পরিস্থিতিকে আরও খারাপ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, র‌্যাবের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন-নিপীড়ন করা হয়, কিন্তু এতে দুর্নীতি বা অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেনি।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশের ওপরে রাখার ক্ষেত্রে অপর সমস্যা হিসেবে উল্লেখ করা হয় আইনের অনুপস্থিতিতে সামাজিক অস্তিরতাকে। দেশের সার্বিক উন্নয়নের জন্য বর্তমানের প্রবৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৮ শতাংশে উন্নীত করার ওপর প্রতিবেদনে গুরুত্বারোপ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অনেক দুর্বল কাঠামোর উন্নয়নে সরকার পদক্ষেপ না নেওয়া পর্যন্ত দেশের ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হওয়ার খুব একটা সুযোগ থাকবে না।

তবে গণতন্ত্রের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাধিত হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়। জনগণ ১৯৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়, কিন্তু ২০০১ সালে আবার বিএনপি জয় লাভ করে। এখন আওয়ামী লীগ আশা করছে, ২০০৬ সালের অক্টোবরের নির্বাচনে আবার তারা ক্ষমতায় আসবে।

দেশের বাণিজ্যনীতির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, আমদানির ক্ষেত্রে সরকার বিভিন্ন বাধা ও বিধিনিষেধ আরোপ করছে। এছাড়া দুর্নীতিও শুল্কবহির্ভূত বাধা হিসেবে কাজ করছে বলে এতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ীরা বাংলাদেশের কাস্টমস বিভাগকে আগাগোড়া দুর্নীতির আখড়া হিসেবে বিবেচনা করেন। এর কর্মকর্তারা আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ এবং আমদানি ও রপ্তানি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা সৃষ্টির মাধ্যমে প্রতিনিয়ত ক্ষমতার অপব্যহার করে থাকেন।