খাগড়াছড়িতে সেনা বাহিনীর বিরুদ্ধে পাহাড়ি নির্যাতনের অভিযোগ
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন পানছড়ি জোনের ৬ই বেঙ্গলের সহ-অধিনায়ক মেজর নাসিমের রিরুদ্ধে পিসিজেএসএস সদস্যদের উপর বিনা কারণে ধর-পাকড়, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিভরন রঞ্জন চাক্মা বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে এ অভিযোগ করেন।
এতে উল্লেখ করা হয়, সেনা নির্যাতনের কারণে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির ৫ নেতাকর্মী আহত হয়। তবে সেনা কর্তৃপক্ষ এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে পিসিজেএসএস মিথ্যা ভিত্তিহীন প্রচারনা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান।
পিসিজেএসএস বিজ্ঞপ্তিতে জানায়, সেনা সদস্যরা গত ৩ জানুয়ারি সকালে খাগড়াছড়ি সদর উপজেলাধীন দেওয়ানপাড়া (ভাইবোনছড়া) এবং ৪ জানুয়ারি সকাল ৭ টায় পানছড়ি কলেজ গেইট ও পানছড়ি চৌধুরী পাড়া এলাকায় জনসংহতি সমিতির সদস্যদেরকে অহেতুক ধর পাকড় ও অমানুষিক শারীরিক নির্যাতন চালায়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে মেজর নাসিম এর নেতৃত্বে এ ধরনের অপকার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।
