২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী ও উত্তরায় জেএমবি আস্তানা থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার: র‌্যাবের অভিযান অব্যাহত

উত্তরা ও টঙ্গী এলাকার জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর দুটি আস্তানায় বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর শুক্রবার বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বৃহস্পতিবার রাতের পৃথক দুটি অভিযানে র‌্যাব সদস্যরা জেএমবি’র দু’জন সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে- পাঁচটি রিভলবার, পাঁচটি দেশী পিস্তল, ১৫ কেজি বিস্ফোরক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ।

আটককৃতদের মধ্যে রয়েছে, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ। সে জেএমবি’র একজন এহসার (সার্বক্ষণিক ও আত্মঘাতী স্কোয়াডের সদস্য), শফিকুল ইসলাম ওরফে রাসেল। সে জেএমবি’র গাইরি এহসার (এহসারের ঠিক নিচের পদ) এবং বাড়ির মালিক মোহাম্মদ মোস্তফা।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে র‌্যাবের বেশ বড় একটি দল কোটবাড়ির ময়নারটেক এলাকা থেকে ওয়াহিদুল ইসলাম ওয়াহিদকে  গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব ওই এলাকা থেকেই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

অন্যদিকে ওয়াহিদের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব- ১ এর অন্য একটি দল টঙ্গীর একটি বাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। এসময় র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

র‌্যাব-১ সূত্র জানায়, তারা সেখানে একটি বোমা তৈরির কারখানা দেখতে পায় এবং বোমা তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট, ডেটোনেটর, লোহার রড, ইস্পাত, ব্যাটারি, গান পাউডার, ২৭টি হাত ঘড়ি, ইলেক্ট্রিক সার্কিট, ইলেকট্রনিক মিটার, ডিভাইস উদ্ধার করে।

র‌্যাবের আইন ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার ফজল বলেন, আটককৃত জেএমবি সদস্যরা ব্যবসায়ী পরিচয়ে টঙ্গীর হাসান লেনের ‘তানভির ভিলা’ নামের একটির বাড়ির নিচ তলা ভাড়া নেয়।