শেরপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধ খুন, গ্রেফতার ২
পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে শেরপুরের নাপিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের আন্ধারুপাড়ায় এক বৃদ্ধ খুুন হয়েছে।
নাপিতাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে পাহাড়ের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় আব্দুর রহমানের (৬৫) গলা কাটা লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নালিতাবাড়ী পৌর শহরের বাসিন্দা আব্দুর রহমানের কাছ থেকে আইনাতলি গ্রামের জামাল উদ্দিনের ছেলে দিলদার জমি কিনে দেবার নাম করে দেড় লাখ টাকা নেয়। দীর্ঘদিন জমি কিনে না দেয়ায় আব্দুর রহমান তার টাকা ফেরত চায়। কিন্তু এতে দিলদার বিভিন্ন তালবাহানা শুরু করে। বুধবার হঠাৎ দিলদার আব্দুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং এর পর থেকে তিনি বাড়িতে ফেরেননি। ঘটনাটি পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার বৃদ্ধের লাশ এবং লাশের পাশ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারে পর থেকে ঘটনার মূল সন্দেহভাজন দিলদারকে পুলিশ খুঁজে পাচ্ছে না। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থ্কার অভিযোগে দিলদারের ভাই নালিতাবাড়ি থানা ছাত্রদলের সভাপতি দুলাল হোসেন ও তার ভগ্নিপতি মোকলেছুরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
