বাংলা ভাইকে ধরতে কসবা, আখাউড়া সীমান্তে চিরুনি অভিযান
জঙ্গিনেতা সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে ধরতে কসবা ও আখাউড়া সীমান্ত এলাকায় চিরুনী অভিযান চালানো হচ্ছে। সীমান্ত সীল করে দেয়া হয়েছে।
প্রতিটি বাড়িতে তল্লাশি অভিযান চলছে।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পত্রিকায় প্রকাশিত ‘বাংলা ভাই কসবা সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থানে অবস্থান করছেন’-খবরটির ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মাসুদুল আলম বিডিনিউজকে জানান-এ ব্যাপারে কসবা ও আখাউড়া থানা পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
কসবা থানা পুলিশ জানায়, তারা এ ব্যাপারে বিডিআর-এর সহায়তা চেয়েছেন। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সোমবার থেকে জেএমবি নেতা ব্রাহ্মণবাড়িয়া আসলে তার সহকার্মীরা প্রথমে আখাউড়া ও পরে কসবা পাঠিয়ে দেয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলা ভাই ত্রিপুরা সীমান্ত এলাকায় আত্মগোপন করে থাকার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকেল ৫টায় কসবা থানা পুলিশের সাথে যোগাযোগ করে জানা যায়, এখন পর্যন্ত তারা বাংলা ভাইয়ের খবর পাননি। তবে প্রতিটি এলাকায় তাদের লোক কড়া পাহারা দিচ্ছে।
এদিকে বাংলা ভাইয়ের নামে মোবাইলে এসএমএস পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট চক্ষু হাসপাতালকে। বুধবার রাতে একটি মোবাইল থেকে হাসপাতালের বিভিন্ন মোবাইলে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে, জিডিনং-১৬৪০ তাং-২৯.০৯.২০০৫ইং।
পুলিশ হাসপাতলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার এ চক্ষু হাসপাতালটি জামায়াত সমর্থিত চিকিৎসকদের মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতাল।
