খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৪
খুলনায় ৩ টি পৃথক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৫ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
এর মধ্যে গোয়ালখালীতে বাস ও বেবি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। এছাড়া বটিয়াঘাটায় বাসের চাপায় পিষ্ট হয়ে এক শিশু এবং ডুমুরিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছে।
খুলনা মহানগরের গোয়ালখালীতে খুলনা যশোর মহাসড়কে একটি বাস (খুলনা মেট্রো-ব-৫৬০) ও একটি বেবি ট্যাক্সির (ঢাকা মেট্রো থ-০২-২৮৪৫) মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে বেবি টেক্সি আরোহী নর্দার্ন ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসের ছাত্র আনিসুর রহমান (২৮) ও আনোয়ার হোসেন (৪০) নিহত হয়। টেক্সির অপর যাত্রী মোমেনা বেগম (৫০) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। গুরুতর আহত টেক্সি চালক খায়রুল, রুস্তম হাওলাদার, সাহেলা খাতুন ও খুলনা মেডিকেল কলেজের ছাত্র মেরিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা খুলনা যশোর মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখে।
বৃহস্পতিবার দুপুরে জেলার বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজারের সেতু পার হওয়ার সময় শামীম সরদার (৯) নামে শিশুকে পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে শামীম ঘটনাস্থলে নিহত হয়। শামীম পাইকগাছা উপজেলার জয়খালী গ্রামের আইয়ুব আলী সরদারের পুত্র।
এদিকে গত বুধবার রাতে ডুমুরিয়া উপজেলার চুকনগর নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় নবীজান বিবি (৭০) নামে এক বৃদ্ধা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে। পুলিশ ট্রাকটি উদ্ধার করলেও চালক পালিয়ে গেছে।
