২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েসডে গ্রুপের সম্মেলন স্থগিত

অবশেষে কূটনীতিকদের অনানুষ্ঠানিক সংগঠন ‘টুয়েসডে গ্রুপ’ তাদের সম্মেলন আয়োজনের পরিকল্পনা স্থগিত করেছে। পরে সুবিাধজনক কোনও সময়ে এ সম্মেলন আয়োজন করা হবে বলে তারা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বুধবার ফ্যাক্সে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেভিড স্প্রাউল বলেন, টুয়েসডে গ্রুপ যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পদক্ষেপ নিয়েছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যেকোনও সুবিধাজনক সময়ে এ সম্মেলন আয়োজন করা হবে।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তর্জাতিক মানের ও সবোৎকৃষ্ট পন্থা অবলম্বনের ক্ষেত্রে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টুয়েসডে গ্রুপ নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথমে এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছিল।

আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের ব্যাপারে সরকার অনুমতি না দেওয়ায় স্প্রাউল ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সকল উন্নয়ন সহযোগী রাষ্ট্রের প্রস্তাবিত এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য রাষ্ট্রে নির্বাচন সংক্রান্ত ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরার এবং তা শেয়ার করার চমৎকার সুযোগ আসতে পারে।

গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার ডেভিড স্প্রাউল ও নরওয়ের রাষ্ট্রদূত অদ লিজে নরহেইম বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের সঙ্গে সাক্ষাত করে সম্মেলন আয়োজনের অনুমতি চান। কিন্তু সরকার তা নাকচ করে দেয়।

সাক্ষাতকালে রিয়াজ রহমান তাদের এ উদ্যোগকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে

হস্তক্ষেপ বলে উল্লেখ করেন।

তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে গত ১৫ বছর ধরে যেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়ে আসছে, সেখানে কিভাবে একটি স্বাধীন দেশ বিদেশী কূটনীতিকদের এ ধরনের সম্মেলন আয়োজনের অনুমতি দিতে পারে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর নিয়ে টুয়েসডে গ্রুপ গঠিত।