ভালো ফলন সত্ত্বেও মধ্যস্বত্বভোগীদের কারণে রাজধানীতে আলুর দাম বেড়েছে
কৃষকদের কাছ থেকে সস্তায় আলু কিনে রাজধানীর খুচরা বাজারে চড়া দামে বিক্রি করছে মধ্যস্বত্বভোগীরা। গত মৌসুমে দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হয়েছে।
কয়েকজন কৃষক জানান, ছয় থেকে সাত টাকা কেজি দরে তারা আলু বিক্রি করছেন। কিন্তু রাজধানীর খুচরা বাজারে ১১ থেকে ১২ টাকা কেজি দরে আলু বিক্রি করা হচ্ছে।
এ মৌসুমে বন্যা না হওয়ায় অন্যান্য সবজির উৎপাদন ভালো হয় এবং কৃষকরা তাদের আলু উৎপাদনের লোকসান পুষিয়ে নেয়। রাজশাহী ও কুমিল্লার কৃষকরা অভিযোগ করে বলেন, অতিরিক্ত পরিবহন খরচ এবং মধ্যস্বত্বভোগীদের অবৈধ
হস্তক্ষেপের কারণে ভোক্তা পর্যায়ে আলুর দাম দিগুণ হয়েছে।
এ বছর আলু বিক্রি করে কৃষকরা লাভবান না হওয়ায় আগামী মৌসুমে আলু উৎপাদনের ব্যাপারে অনীহা প্রকাশ করছে।
কুমিল্লার চান্দিনা ও রাজশাহীর মোহনপুরের চাষীদের সাথে আলাপ করে বিডিনিউজ এ বছর আলুর চাষ সম্পর্কে এসব তথ্য জানতে পেরেছে।
চান্দিনার আলুচাষী মাহমুদুর রহমান ভূইয়া জানান, হিমাগারের খরচ বেশি হওয়ায় এবং অন্যান্য কারণে আলু চাষীদের লাভের পরিমাণ কমে গেছে।
চান্দিনা ও মোহনপুরে এ বছর যথাক্রমে প্রতি ৮৫ কেজির এক বস্তা আলুর জন্য ১৮০ এবং ২৩০ টাকা করে হিমাগার খরচ দিতে হয়, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
প্রতি ৮৫ কেজি আলু উৎপাদনে এ বছর গড়ে খরচ হয় ৪৩০ টাকা। আগের বছর এ খরচ ছিল ছয়শ’ থেকে নয়শ’ টাকা।
কৃষকরা অভিযোগ করেন, স্থানীয় আলু ব্যবসায়ীদের কাছ থেকে মধ্যস্বত্বভোগীরা
বস্তাপ্রতি ২৫ টাকা লাভ করে নেয়, যারা চাষীদের কাছ থেকে আলু কিনে নিয়ে রাজধানীর ব্যবসায়ীদের কাছে বস্তাপ্রতি ১৫ টাকা লাভ করে থাকে।
তারা আরও জানান, রাজশাহী থেকে ঢাকায় এক ট্রাক আলু পাঠাতে পরিবহন খরচ পড়ত আট থেকে ১০ হাজার টাকা। জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় এখন এক ট্রাক আলু পাঠাতে পরিবহন খরচ দিতে হয় ১১ থেকে ১২ হাজার টাকা।
রাজশাহীর আলু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, এ বছর আলু বীজের দাম দুই শ’ টাকা বেড়েছে।
তিনি বলেন, এবার শীতের মৌসুমে চাষীরা অন্যান্য শীতকালীন সবজি উৎপাদন করবে। আলু উৎপাদনে উপর্যুপরি ঝুঁকি থাকলেও অন্যান্য শীলকালীন যেসব সবজি উৎপাদনে ঝুঁকি কম সেসবই নভেম্বর ও ডিসেম্বর মৌসুমে উৎপাদন করবে কৃষকরা।
