বুয়েটে ছাত্রফ্রন্টের মিছিলে ছাত্রদলের হামলা: আহত ১১
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বুধবার বাম ছাত্র সংগঠনের মিছিলে ছাত্রদলের হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কমপক্ষে ১১ জন কর্মী আহত হয়েছে।
ছাত্রদল কর্মীরা কর্তব্যরত ফটো সাংবাদিক আজাদ ও জীবন এবং পুলিশ কনস্টেবল শাহীন ও জামিকেও মারধোর করে।
আহতদের মধ্যে রয়েছেন-ছাত্রফ্রন্টের বুয়েট শাখা সভাপতি দেবাশীষ বিশ্বাস, কল্যাণী সূত্রধর, নীলয়, শম্পা বসু, ইমরান হাবিব রুমন ও সুব্রত সরকার।
দেবাশীষ বিশ্বাস বলেন, বেলা আড়াইটার সময় ক্যাম্পাসে তাদের শান্তিপূর্ণ মিছিলে কোনও ধরনের উস্কানি ছাড়াই ছাত্রদল সদস্যরা হামলা চালায়। তিনি বলেন, বুয়েট শাখা ছাত্রদল সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক মুন্নার নেতৃত্বে জসিম, হাসান, সোহাগ, রাসেল ও তৈয়ব এ হামলা চালায়।
বুয়েটের ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা মনোয়ার হোসেন বলেন, কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা যাচাইয়ে জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ছাত্রদলের এ হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৃহস্পতিবার বুয়েট ছাত্রকল্যাণ সম্পাদকের কাছে স্মারকলিপি প্রদান করবে। এছাড়া ১ অক্টোবর বুয়েট ক্যাম্পাসে মিছিল ও ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে অভিভাবক ও ছাত্রদের নিয়ে এক সংহতি সভার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
বুয়েট উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ছাত্ররা অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়। পরে তা প্রত্যাহার করে নেওয়ায় বুধবার সকালে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
ছাত্ররা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুয়েটেও দুর্গাপূজা উপলক্ষে সাতদিনের ছুটির দাবি জানিয়েছে। তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. আলী মোর্তজা বলেন, মাত্র ২০ শতাংশ ছাত্রের জন্য ৮০ শতাংশ ছাত্র ভোগান্তির শিকার হতে পারে না। বিশ্ববিদ্যালয় কোনও অবস্থাতেই বন্ধ রাখা হবে না।
এদিকে মঙ্গলবার উপাচার্যের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে সেজন্য দায়ী ছাত্রদের ব্যাপারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
মঙ্গলবার কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্ররা ভিসির ওপর হামলা চালালে তিনি মসজিদে আশ্রয় নেন।
