২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরে দেশের স্যানিটেশন ৩৩ থেকে ৫৯ শতাংশে উন্নীত

সরকার ও বিভিন্ন এনজিও’র যৌথ প্রচেষ্টায় দেশের স্যানিটেশন ব্যবস্থা ৬৯ শতাংশে উন্নীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

দু’ বছর আগে ২০০৩ সালে দেশে ৩৩ শতাংশ স্যানিটেশন সম্পন্ন হয়। স্যানিটেশনের এ উন্নয়ন ২০১০ সালের মধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে একটি উল্লেখ্যযোগ্য সাফল্য।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত বুধবার এক সংবাদ সম্মেলনে পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নির্বাহী পরিচালক মিলন বিকাশ পাল এ কথা জানান।

আগামী অক্টোবরে স্যানিটেশন মাস পালন উপলক্ষে পিএসটিসি তাদের প্রচারাভিযানের অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করে। পিএসটিসি দেশের অনগ্রসর জনগোষ্ঠীর গুনগত জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয় পরিচালিত একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বিকাশ পাল বলেন, উল্লিখিত সময়ের মধ্যে দেশের পল্লী এলাকার স্যানিটেশন ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। পল্লী এলাকায় স্যানিটেশন ব্যবস্থা ২৯ শতাংশ থেকে ৫৭ শতাংশে উন্নীত হয়।

দেশের মহানগর পর্যায়ে উল্লিখিত সময়ের মধ্যে স্যানিটেশন ব্যবস্থা ৫৩ শতাংশ থেকে ৭৫ শতাংশে এবং রাজধানীতে ৭০ শতাংশ থেকে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে।

স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব স্যানিটেশন ব্যবস্থার সুফল বিশ্লেষণ করে তিনি তার এনজিও’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সহস্রাব্দের উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীও বক্তব্য রাখেন।