২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে রাষ্টীয়ভাবে তহবিল গঠনের আহ্বান

‘ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বিভিন্ন মামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাষ্টীয়ভাবে একটি তহবিল গঠন করা হবে। বক্তারা এ বিষয়ে স্বাধীন আইন প্রনয়ণেরও দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

হিউম্যান রাইটস অ্যান্ড পিস অব বাংলাদেশ (এইচসিপিবি) মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এ সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বিচারপতি হামিদুল হক।

এইচসিপিবি’র বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান সৈয়দ আরিফ নিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, এসসিবিএ’র সাবেক সভাপতি অ্যাভোকেট ওজায়ের ফারুক, এইচসিপিবি’র সভাপতি অ্যাভোকেট মঞ্জিল মোরশেদ, অধ্যাপক মোস্তফা চৌধুরী, ড. শিরিন শারমিন চৌধুরী প্রমুখ।

মূল প্রবন্ধে বিচারপতি হামিদুল হক বলেন, বেশিরভাগ মানুষকে বিবাদীর অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে স্বোচ্চার হতে দেখা যায়। কিন্তু ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তেমন দেখা যায় না।

তিনি আরও বলেন, একটি অপরাধের ফলে ভূক্তভোগী এমনকি তার পরিবারের সদস্যরাও মারাত্মক দুভোর্গের শিকার হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষতিগ্রস্তরা রেডক্রস থেকেও কোন সহায়তা পায়না।

অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, ক্রসফায়ার ও অপারেশন ক্লিনহার্টের নামে ‘বিচার বহিভূত’ হত্যাকান্ড সম্পর্কে কোর্ট নিরবতা পালন করছে। তিনি সুপ্রীম কোর্টের অধীনে ক্ষতিগ্রস্তদের জন্যে একটি তহবিল গঠনের প্রস্তাব দেন।