২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের কর্মকর্তা-কর্মচারিদের ৯ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনার পর বিমান বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারিরা তাদের আকস্মিক ধর্মঘট প্রত্যাহার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

চার ঘন্টা বৈঠক শেষে মঙ্গলবার বেলা তিনটায় বিমান কর্তৃপক্ষের সাথে ধর্মঘটী কর্মকর্তা-কর্মচারি নেতাদের এক সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর টানা নয় ঘন্টার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

বেতন-ভাতা বৃদ্ধি, বাংলাদেশ এভিয়েশন পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি ক্যাপ্টেন নাসিমকে চাকরিতে পুনর্বহাল, বিমান থেকে আটজন কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে কর্মকর্তা-কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট আহ্বান করে।

বিমানের ৩৩ বছরের ইতিহাসে এ ধরনের ধর্মঘট নজিরবিহীন।

নয় ঘন্টার সর্বাত্মক ধর্মঘটের ফলে বিমানের ফ্লাইট শিডিউল লণ্ডভণ্ড হয়ে যায়। অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর হয়ে পড়ে অচল। হাজার হাজার যাত্রী ও দর্শনার্থীকে পোহাতে হয় চরম দুর্ভোগ।

বৈঠকে বিমানের পক্ষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যপক্ষে বিমানের কর্মকর্তা-কর্মচারিদের কয়েকটি সংগঠনের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ফখরুল আলম ভূঁইয়া, বাপা সভাপতি ক্যাপ্টেন নাসিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিমান প্রতিমন্ত্রী মীর নাছির বিডিনিউজকে জানান, স্টিয়ারিং কমিটির দাবি ছিলো কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা ২১০ শতাংশ বৃদ্ধি। কিন্তু শেষ পর্যন্ত ৫০ শতাংশ বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়। এটি তিন দফায় বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এছাড়া স্টিয়ারিং কমিটির অন্যান্য দাবি-দাওয়ার ব্যাপারে বিমানের বিভাগীয় শাখা সিদ্ধান্ত নেবে।

ক্যাপ্টেন নাসিমকে চাকরিতে পুনর্বহাল এবং পরিচালক ফ্লাইট অপরেশনসহ রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত আটজনকে অপসারণের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কি না, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, বিমানে কোনও রাজনৈতিক নিয়োগ হয়নি। ক্যাপ্টেন নাসিমের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ সিদ্ধান্ত নেবে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী বিমানকে এ ভাবে আন্দোলনের মুখে জিম্মী করা উচিত নয়। এ জন্যে হাজার হাজার যাত্রী ও দর্শনার্থীর যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত।

স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ফখরুল আলম ভূঁইয়া বিডিনিউজকে বলেন, বৈঠক ফলপ্রসূ হওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।

আকস্মিক ধর্মঘট প্রসঙ্গে তিনি জানান, একই ইস্যুতে ৮ সেপ্টেম্বরও স্টিয়ারিং কমিটির সঙ্গে বিমান কর্তৃপক্ষের সমঝোতা হয়। কিন্তু ওই বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছিল না। সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্টিয়ারিং কমিটির বৈঠক হলেও দুপক্ষের সমঝোতা না হওয়ায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হই।

বাপা সভাপতি ক্যাপ্টেন নাসিম বিডিনিউজকে বলেন, বিমানের স্বার্থে আমি চাকরি থেকে অবসর গ্রহণের কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত আটজনকে অপসারণের দাবি থেকে আমরা এখনও সরে আসিনি।

উচ্চ রক্তচাপের কারণে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক পত্রে ক্যাপ্টন নাসিমকে স্থায়ীভাবে গ্রউন্ডেড করে। গতবছর ২৭ এপ্রিলও তাকে সাময়িকভাবে একদফা গ্রাউন্ডেড করা হয়। সে সময়ও বিমানের বৈমানিকরা আংশিক ধর্মঘট করায় ফ্লাইট শিডিউল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

তবে মঙ্গলবারের ধর্মঘটটি ছিলো নজিরবিহীন। বিমানের উত্তেজিত কর্মচারিরা কুর্মিটোলায় বিমানের সদর দপ্তর ‘বলাকা’র ভেতরে মঙ্গলবার সকাল থেকেই সমবেত হয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তুমুল শ্লোগানে বলাকা ভবন হয় প্রকম্পিত। স্টিয়ারিং কমিটির সঙ্গে বিমান প্রতিমন্ত্রীর বৈঠকের এক পর্যায়ে বিক্ষুব্ধ মিছিলকারীরা দোতালায় উঠে এসে বৈঠকে স্থলে সভাকক্ষের দরজায় লাথি মারতে থাকে। পরে স্টিয়ারিং কমিটির নেতারা তাদের শান্ত করেন।

সকাল থেকে বলকা ভবনের কেন্দ্রীয় শীতাতপ-নিয়ন্ত্রণ সিস্টেম অচল করে দেওয়া হয়। বিমানের ২৪ ঘন্টার টেলিফোন সার্ভিসও ধর্মঘটের সময় অচল ছিলো। টেলিফোন অপারেটররাও কর্মচারিদের সাথে আন্দোলনে যোগ দেন।

এদিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে দেখা যায়, কুয়েত থেকে আসা বিজি-০৪৪ এবং রিয়াদ থেকে আসা বিজি-০৫০ সোমবার জিয়ায় পৌঁছালেও ধর্মঘটের কারণে কর্মকর্তা-কর্মচারিরা বিমান থেকে লাগেজ খালাস না করায় যাত্রীদের বিমানবন্দরেই অপেক্ষা করতে হয়। বিমানবন্দরের কাজকর্ম বন্ধ থাকায় কর্তৃপক্ষ ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটি ছেড়ে না যাওয়ার ব্যাপারে বিমানকে নির্দেশ দেয়। এছাড়া সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিমানের কোনও রুটেরই অভ্যন্তরীণ ফ্লাইট চলেনি।

জিয়া বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান করে থাকে। ধর্মঘটের সময় গালফ এয়ারলাইন্স, সৌদিয়া, পিআইএ, এয়ার ইন্ডয়া, এমিরেটসসহ বিভিন্ন বিদেশী এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট বাতিল করা হয়।

জিয়ায় ধর্মঘটের কারণে এয়ার ইন্ডিয়ার যাত্রাপথ পরিবর্তন করা হয়। এমিরেটস’র ফ্লাইটটি জিয়ায় অবতরণ না করেই কুয়ালালামপুরে ফিরে যায়। এছাড়া থাই এয়ারওয়েজের ফ্লাইট বাতিল করা হয়।

বিকেল ৪টার দিকে জিয়া বিমানবন্দরে হাজার চারেক যাত্রী ও দর্শনার্থীকে ভিড় করে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা কাস্টমস হলের ভেতরে ভাঙচুর চালায়।

সকাল থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সাংবাদিক এবং ফটো সাংবাদিকদের যাত্রী দুর্ভোগের বিষয়ে তথ্য সংবাদ সংগ্রহ করতে এবং ছবি তুলতে বাধা দেয়। কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক এবং ভিডিওগ্রাফার নিরাপত্তাকর্মীদের হাতে নাজেহাল হন।

এদিকে বিডিনিউজের চট্টগ্রাম অফিস জানায়, বিমান কর্মচারিদের ধর্মঘটের কারণে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কোনও বিমান ওঠানামা করেনি।

আবুধাবী থেকে ১৭৭ জন যাত্রী নিয়ে মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করে। এর মধ্যে ১০৯ জন যাত্রী তাদের লাগেজ না নিয়েই বিমান বন্দর ত্যাগ করে। নির্ধারিত সময়ে বিমান ছেড়ে না যাওয়ায় ৬৮ জন যাত্রী বিমান বন্দরে অবস্থান করেন।

অবশ্য জিএমজি এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমান চলাচল অব্যাহত রেখেছে।

জিএমজি’র একটি সূত্র জানায়, চট্টগ্রামে অতিরিক্ত দুটি ফ্লাইট দেওয়া হয়েছে।

সরকারের মনোযোগ আকর্ষণ করতে ইতোমধ্যে বিমানের কর্মকর্তা-কর্মচারিরা শাহ্ আমানত বিমান বন্দর ও ষোলশহরে বিমানের অফিসের সামনে প্রতিবাদ করেছে।

বিডিনিউজ-এর যশোর প্রতিনিধি জেলার বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মিজানুর রহমানকে উদ্ধৃত করে জানান, বিমানের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় যশোর পৌঁছার কথা থাকলেও তা অবতরণ করেনি। অবশ্য জিএমজি’র একটি বিমান সকাল সোয়া আটটায় যশোর পৌঁছেছে এবং পরে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ধর্মঘট প্রত্যাহারের অনেক পরে সন্ধ্যার দিকে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।