২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদল নেতা বাবলু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন, প্রধান আসামী বিচার কার্যক্রমের বাইরে

চট্টগ্রামের দ্রুত বিচার আদালত মঙ্গলবার ছাত্রদল নেতা শফিকুল আলম বাবলু হত্যা মামলার রায়ে তিনজনের মৃত্যুদতণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় বিচারক অপর আট আসামীকে বেকসুর খালাস দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এক জনাকীর্ণ আদালতে চট্টগ্রাম দ্রুত বিচার আদালতের বিচারক হাসান ইমাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামীরা হচ্ছে আবদুল কাদের মাবুদ, আবদুল মালেক সোহেল ও মোহাম্মদ জাহাঙ্গীর। একই সাথে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রাপ্ত আসামীরা হচ্ছে ছাবের আহমদ টারজান, লুৎফর রহমান ও মোহাম্মদ আবচার।

মৃত্যুদন্ড প্রাপ্ত আবদুল কাদের মাবুদ ও আবদুল মালেক সোহেল ছাড়া অন্য আসামীরা পলাতক রয়েছে।

অপরদিকে মামলার প্রধান আসামী সাবেক ছাত্রদল নেতা ও শীর্ষ সন্ত্রাসী টিংকু দাশকে বিচার কার্যক্রমের বাইরে রাখা হয়েছে।

২০০৩ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফিকুল আলম বাবলুকে এলাকার আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের জের ধরে বায়েজীদ থানাধীন শেরশাহ কলোনী মিনার রোডে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত বাবলুর মা নুরুন্নাহার বেগম বাদী হয়ে মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও শীর্ষ সন্ত্রাসী টিংকু দাশকে প্রধান আসামী করে বায়েজীদ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রায় এক বছর তদন্ত শেষে ২০০৪ সালের ২২ আগস্ট মোট ১৪ জনকে আসামী করে এই মামলায় চার্জশীট দেয়া হয়।

চলতি বছরের ৮ আগস্ট বাবলু হত্যা মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।

দ্রুত বিচার আদালতের পিপি এডভোকেট আহমদ কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজকে জানিয়েছেন, হাইকোর্টের এক আদেশের প্রেক্ষিতে মামলার প্রধান আসামী টিংকু দাশকে বিচার কার্যক্রমের বাইরে রাখা হয়েছে।