নভেম্বরে বিএফইউজে’র আয়োজনে সাংবাদিক হত্যা-নির্যাতন বিরোধী জাতীয় কনভেনশন
দেশজুড়ে সাংবাদিক নির্যাতন ও হত্যার হুমকি বেড়েই চলেছে। তাছাড়া এ পর্যন্ত কোন সাংবাদিক হত্যারই সুষ্ঠু বিচার হয়নি।
এই প্রেক্ষাপটে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাংবাদিক হত্যা-নির্যাতন বিরোধী জাতীয় কনভেনশন।
কক্সবাজারে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র জাতীয় নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। তাছাড়া আগামী ২২ এপ্রিল বিএফইউজে’র নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। ২ এপ্রিল অনুষ্ঠিত হবে বিএফইউজে’র জাতীয় কাউন্সিল।
নির্বাহী কমিটির সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়। বগুড়ার সাংবাদিক ও বিএফইউজে সহসভাপতি দীপঙ্কর চক্রবর্তী হত্যাকান্ডের বিচার দীর্ঘ একবছরেও শুরু না করায় সভায় নিন্দা এবং অবিলম্বে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত শেষে বিচার কাজ শুরুর দাবি জানানো হয়।
বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহাসচিব মনজুরুল আহসান বুলবুল, অরূন দাশগুপ্ত, মোস্তাক আহমদ, শহীদ উল আলম, মো. সাহেব আলী, মইনুল হক, কামরূল হুদা হেলাল, মাহমুদুর রহমান মনা, আতাউল করিম, ইয়াসিন আহমদ, ফরাজী আজমল হোসেন, এইচএম মোতালেব প্রমুখ।
