২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ছাত্র ধর্মঘট: উপাচার্য ঘেরাও, শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের প্রথমদিন মঙ্গলবার কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্য ড. আলী মর্তুজাকে ঘেরাও করে রাখে। উপাচার্য এসময় মসজিদে গিয়ে আশ্রয় নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এ সময় ধর্মঘটী শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ক্যাডারদের হামলার ঘটনাও ঘটে। বুয়েট ক্যাস্পাসে বর্তমানে প্রচুর পুলিশ মোতায়েন আছে।

সাধারণ ছাত্র-ছাত্রীদের আহুত ধর্মঘটের কারণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। ধর্মঘট চলাকালে সাধারণ ছাত্রছাত্রীরা মিছিল করে উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে তিনি কয়েকজন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিতে চান। তিনি তার আগের বক্তব্য পুনরুল্লেখ করে বলেন, ২০ শতাংশ সংখ্যালঘু শিক্ষার্থীর জন্যে বাকি ৮০ ভাগ ক্ষতিগ্রস্ত হতে পারেনা।

শিক্ষার্থীরা তার বক্তব্যের জন্যে উপাচার্যকে তাদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। তারা এক দিনের বদলে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুয়েটেও সাতদিন পূজার ছুটির দাবি জানায়।

এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা উপাচার্যকে ঘেরাও করে এবং রাস্তায় শুয়ে প্রতিবাদ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপাচার্য শিক্ষার্থীদের ডিঙিয়ে মসজিদে গিয়ে আশ্রয় নেন।

এ সময় ধর্মঘটরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ক্যাডাররা হামলা চালায়। তবে পাল্টা হামলায় সাধারণ শিক্ষার্থীদের হাতে ছাত্রদলের পাঁচ জন ক্যাডার আহত হয়। এরা হলো-রাসেল, অনুপ, অন্তু, হিমাদ্রী এবং সৌরভ। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা ছাত্রদলের হামলার প্রতিবাদে হলে হলে মিছিল করে। মঙ্গলবার রাত সাড়ে দশটায় শিক্ষার্থীরা শহীদ মিনারে তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে বুধবার ধর্মঘট অব্যাহত রাখার কথা জানায়।

সাধারণ ছাত্র-ছাত্রীরা জানায়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি সাতদিন হলেও বুয়েটে তা একদিনের। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে উপাচার্য পূজার ছুটি এক দিন রেখে আরও তিন দিন সাধারণ ছুটির অনুমোদন দেন। তবে সাতদিন ছুটির দাবি জানিয়ে শিক্ষার্থীরা সোমবার ধর্মঘট আহ্বান করে।