কোস্টগার্ড এফবি কোহিনূরসহ ৫২ জেলেকে উদ্ধার করেছে, ৫ ট্রলারসহ ২১ জন নিখোঁজ
কোস্টগার্ড বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি চালিয়ে সোমবার ঝড়ের কবলে পড়া এফবি কোহিনূরসহ ছয়টি ট্রলারের ৫২ জন জেলেকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃতরা জানিয়েছেন, আরো পাঁচটি ট্রলার এবং তাদের ২১ জন সহযোগী এখনও নিখোঁজ রয়েছে।
এসব জেলেদের সাগরে ভাসমান অবস্থায়, নির্জন চর ও গাছে আশ্রয় নেয়া অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কা করা হচ্ছে, ট্রলারগুলো ডুবে গেছে এবং ওই ২১ জনের সলিল সমাধি হয়েছে।
উদ্ধারকৃত জেলেদের উদ্ধৃতি দিয়ে কোস্টগার্ড জানায়, এফবি কোহিনূর থেকে ১৭ জন জেলের সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অপর ৩৫ জন জেলের মধ্যে রয়েছে এফবি ইয়াসমিনের ১৫ জন, এফবি শাবনূরের নয় জন এবং একটি ডেনিস বোটের ছয় জন জেলে ও ক্রু।
এছাড়া এফবি এনামুলের ১৪ জন জেলের মধ্যে চার জন এবং এফবি ফয়সালের ১২ জন জেলের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ দুই ট্রলারের ২১ জেলে নিখোঁজ রয়েছে।
মংলা কোস্টগার্ড জানিয়েছে, গত পাঁচদিনে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সংলগ্ন উপকূল এলাকা ও ভারতীয় সীমান্ত সংলগ্ন বাংলাদেশী জলসীমা থেকে উদ্ধারকৃত এসব জেলেদের প্রথমে কয়রায় কোস্টগার্ডের ঘাঁটিতে রাখা হয়।
সোমবার সন্ধ্যায় তাদের মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকৃতদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালি, কলাপাড়া, নোয়াখালী ও ভোলা জেলায়।
তাদের মঙ্গলবার নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে।
