২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি-কে কার্যকর ও স্ব-শাসিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা, ২২ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ

ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার ব্যবস্থা অধিক কার্যকর ও স্ব-শাসিত প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সোমবার নবগঠিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি গোলাম সারোয়ার এই লক্ষ্যে নয় দফা দাবি তুলে ধরেন।

সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্থানীয় সরকার আইন সংশোধন ও অবিলম্বে উপজেলা, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সংসদ সদস্যদের হস্তক্ষেপ বন্ধ, ইউনিয়ন পরিষদের পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসন প্রদান, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধি, গ্রাম আদালতের বিচার ও বাস্তবায়নের ক্ষমতা প্রদান, জাতীয় উন্নয়ন বাজেটের ২৫ শতাংশ ইউপিকে সরাসরি বরাদ্দ প্রদান এবং ইউপি’র আওতাধীন আয়ের উৎস ইউপি’র কাছে হস্তান্তরসহ নয় দফা দাবী বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ ঐক্যজোট কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ অক্টোবর জেলা প্রশাসকদের নিকট দাবিসম্বলিত স্মারকলিপি পেশ, ১৫ নভেম্বর ঢাকায় অবস্থান ধর্মঘট এবং প্রধানমন্ত্রী ও স্পিকারকে স্মরাকলিপি পেশ, ৭ ডিসেম্বর প্রতীক অনশন এবং ২২ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্যজোটের কো-চেয়ারম্যান ও স্বশাষিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ-বাংলাদেশ এর সভাপতি আবুল হোসেন খান, ঐক্যজোটের মহাসচিব ও অ্যাডভোকেসি গ্রুপের সাধারণ সম্পাদক মতিউর রহমান তপন, ফোরামের যুগ্মমহাসচিব অ্যাডভোকেট এমএ মুজিব এবং বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা এর মহাসচিব হাসান রকিব আজাদ।

সম্প্রতি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম, স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ-বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা’ র সমন্বয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট গঠন করা হয়।