নরসিংদীর রাজমণি সিনেমা হলের লাইসেন্স স্থগিত করে সরকারি আদেশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ
হাইকোর্ট সোমবার নরসিংদীর জেলার রায়পুরা থানার রাজমণি সিনেমা হলের লাইসেন্স স্থগিত সংক্রান্ত সরকারি আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে।
সিনেমা হলের মালিক নান্নু মিয়ার দায়ের করা রিট আবেদনের শুনানির পর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন এবং বিচারপতি নির্মলেন্দু ধরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ কেন রাজমণি সিনেমা হলের লাইসেন্স বৈধ ঘোষণা করা হবে না এ মর্মে সরকারকে কারণ দর্শাও নোটিশ জারি করেছেন।
আবেদনে তথ্য সচিব, ডেপুটি কমিশনার ও নরসিংদীর পুলিশ সুপারসহ সাত সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
গত মাসের ২৮ তারিখে রাজমণি সিনেমা হলে ‘গ্যাং স্টার’ নামক একটি ছবিতে কাট পিস প্রদর্শণের অভিযোগে নরসিংদীর জেলা প্রশাসক চলতি মাসের ১৪ তারিখে সিনেমা হলের লাইসেন্স স্থগিত ঘোষণা করে।
ব্যরিস্টার একেএম জিয়াউর রহমান আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।
