২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল পাচারের অভিযোগে ফিলিং স্টেশন মালিক ও পরিবহন নেতার বিরুদ্ধে মামলা

ভারতে জ্বালানি তেল ডিজেল পাচারে জড়িত থাকার অভিযোগে খুলনা বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি ও কার্পাসডাঙ্গা ফিলিং স্টেশনের মালিক ইউসুফ আলী গেন্দুকে আসামী করে বিডিআর ডামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পুলিশ সূত্র জানায়, ডামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের সদর আলীর ছেলে হারুণ অর রশিদ (২৮) পলিথিন ব্যাগে ৩৬ লিটার ডিজেল ভারতে পাচারের সময় বিডিআরের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদকালে হারুণ জানায়, ডিজেল সে ইউসুফ আলী গেন্দুর ফিলিং স্টেশন থেকে কিনেছে। বিডিআর হারুণকে পুলিশের কাছে সোপর্দ এবং চোরাচালান নিরোধ আইনে মামলা করেছে। মামলার এক নম্বর আসামী করা হয়েছে হারুণকে এবং দুই নম্বর আসামী করা হয় ইউসুফ আলী গেন্দুকে।

দামুড়হুদার ফুলবাড়ি বিওপির কমান্ডার নায়েক সুবেদার আবুল বাশার রোববার রাতে ডামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। ইউসুফ আলী গেন্দু মামলার বিষয়টি সাজানো এবং একে ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন। এ ব্যাপারে তিনি আদালতে যাবেন বলে জানান।

চুয়াডাঙ্গা-মেহেরপুর জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং ট্যাক লরি মালিক সমিতি ইউসুফ আলী গেন্দুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।