কানাডায় ৪০ শতাংশ ইমিগ্রেশন বাড়ানোর পরিকল্পনা
কানাডা তার বর্তমান অভিবাসির সংখ্যা আরো ৪০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। শিগগিরই এ সংক্রান্ত একটি প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাছে পেশ করা হবে।
কানাডার প্রধানমন্ত্রী পল মার্টিন গত সপ্তায় এক বক্তৃতায় অভিবাসনকে সে দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা বলে উল্লেখ করেছেন। নিম্ন জন্ম হার, বয়ঃবৃদ্ধ জনসংখ্যার আধিক্য এবং দক্ষ শ্রমিকের অভাবের কারণে কানাডা এইসব অভিবাসিদের ওপর নির্ভরশীল।
অভিবাসন মন্ত্রী জো ভোলপে পহেলা নভেম্বরের আগেই সংসদে নতুন অভিবাসন নীতি ঘোষণা করবেন।
সরকারি সূত্র জানায়, প্রস্তাবিতব্য এ নীতিতে আগামী পাঁচ বছরের মধ্যে কানাডীয় মোট জনসংখ্যার এক শতাংশ অভিবাসী হবে এমন পরিকল্পনা থাকছে। প্রতি বছর তিন লাখ ২৮ হাজার নতুন অভিবাসী কানাডায় আসা নিশ্চিত করবে এ নীতি।
যা গত বছরের ২ লাখ ৩৫ হাজার ৮ শ’ ২৪ জনের প্রায় ৪০ শতাংশ বেশী।
কানাডার আলবার্টা প্রদেশে নিয়োগকর্তারা কফি শপ রেস্তোরা, ফ্যাক্টরি ও স্টোরগুলোতে কাজের জন্যে অতিরিক্ত মজুরীসহ গৃহায়ন সুবিধা অফার করছে।
গ্রামীন কমিউনিটির ছোট ছোট শহরগুলো ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। লোকের অভাবে স্কুল ও হাসপাতালগুলো খালি হযে পড়ছে।
