বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২জন নিহত
বগুড়ার গোকুলে রোববার সকালে একটি মিনিবাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, বগুড়া শহরের বাদুড়তলা এলাকার মৃত আবদুল লতিফ সরকারের ছেলে অগ্রণী ব্যাংক নামাজগড় শাখার ক্যাশিয়ার মঞ্জু সরকার (৩৫) এবং সদর উপজেলার বেদপাড়ার লয়া মিয়ার ছেলে ভ্যানচালক জালাল উদ্দিন (৩০)।
নিহতদের পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাংক কর্মকর্তা মঞ্জু সরকার রোববার সকালে বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামে শ্বশুরবাড়ি থেকে শহরে বাড়িতে ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে গোকুল এলাকায় পৌঁছলে সোনাতলা থেকে বগুড়াগামী একটি মিনিবাস (ঢাকা-মেট্রো-ব-১১-০৩৬৫) প্রথমে একটি রিকশা-ভ্যান ও পরে মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মঞ্জু সরকার নিহত হয়। আহত ভ্যানচালক জালাল উদ্দিনকে সঙ্গে সঙ্গে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করলে সেখানে সে মারা যায়।
স্থানীয় লোকজন বাসটি ধাওয়া করে শহরে কালিতলা এলাকায় আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
