২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ, পূজা ও সার্ক সম্মেলন উপলক্ষে রাজধানীতে স্থাপন করা হবে ৪১টি অস্থায়ী পুলিশ ক্যাম্প, ৭৬টি চেক পয়েন্ট

অপরাধ ও নাশকতা ঠেকাতে রাজধানীতে ৪১টি অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং ৭৬টি চেক পয়েন্ট স্থাপন করা হবে। ৫৩৩টি ক্রাইম পয়েন্টে বিশেষ নজরদারি রাখবে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ঈদুল ফিতর, দুর্গাপূজা এবং সার্ক সম্মেলনকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয় বলে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভায় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

প্রতিমন্ত্রী জানান, রোজা ও দুর্গাপূজায় যেকোনও ধরনের নাশকতা, চাঁদাবাজি, ছিনতাই, চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ এবং ভেজাল খাবার রোধে পুলিশ ও র‌্যাবকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

‘শুধু রাজধানীই নয়, সকল জেলায়ই পুলিশ ও র‌্যাবের মোবাইল টিম ইউনিফর্ম এবং সাদা পোশাকে নিরবচ্ছিন্ন কাজ করবে,’ বাবর বলেন।

গত বছর নগরীতে স্থাপন করা হয়েছিলো ৩৫টি চেকপয়েন্ট। চিহ্নিত করা হয়েছে ছিনতাইপ্রবণ এলাকগুলো।

সভায় আরো জানানো হয়, পুলিশের ৭০টি দল সাদা পোশাকে বিভিন্ন স্থানে টহল দেবে। রোজার সময় ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত টহল দেবে পুলিশের বিশেষ দল। উৎসবকালে নগরীতে প্রায় ৪০০ কমিউনিটি পুলিশও কাজ করবে।

রাজধানীতে যেসব জায়গায় বেশি যানজট হয়, এমন ৪০টি পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। এসব জায়গায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপশি র‌্যাবও কাজ করবে বলে বৈঠক সূত্র জানায়। এছাড়া উৎসবের আগেই নগরীর বিভিন্ন ভাঙ্গা রাস্তাঘাট মেরামত করার জন্যে ডিসিসিকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে উৎসবকালীন নগরীর ১০টি স্থানে ক্যাম্প ও ১৩টি পয়েন্টে চেক পয়েন্ট স্থাপন করে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে র‌্যাব সদস্যরা।

‘শুধুমাত্র মেট্রোপলিটন শহরই না, জেলা শহরগুলোতেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিভিন্ন জেলায় র‌্যাব সাদা পোশাকে কাজ করবে,’ মন্ত্রী জানান।

সূত্র জানায়, চাঁদাবাজি এবং মার্কেটগুলোর সামনে ছিনতাই প্রতিরোধের জন্যে ঈদের আগেই রাজধানীর সব মার্কেটে সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা) স্থাপন করতে মন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, আমার জানামতে ইতোমধ্যেই রাজধানীর প্রায় শতকরা ৪০ ভাগ মার্কেটে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ইতোমধ্যেই রাজধানীর কয়েকটি বড় শপিং কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তাদের নিজ উদ্যোগে আর্চওয়ে, ম্যাটাল ডিটেক্টর এবং ফার্স্ট এইড-এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া রোজা এবং পূজায় সদ্য জারি করা ‘পিওর ফুড অর্ডিন্যান্স’ কঠোরভাবে বাস্তবায়ন করার জন্যে ৩৫টি মোবাইল টিম নগরীতে কাজ করবে। এসব টিমে পর্যায়ক্রমে ৭০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব্ পালন করবেন।

বিভিন্ন জেলায়ও একই ধরনের টিম কাজ করবে।

সূত্র আরও জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্যে ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের অফিসে পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সার্ক সম্মেলন পর্যন্ত তিন শিফটে এ কন্ট্রোল রুম কাজ করবে। উপ সচিব (প্রশাসন) এ কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ করবেন। যে কেউ ৭১৭১৫৯৩ এই টেলিফোন নম্বর এবং ৭১৭১৫৯৫-৫ এই ফ্যাক্স নম্বরে যে কোনও তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমকে জানাতে পারবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ডিজি র‌্যাব, আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।