কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা খুন
কুষ্টিয়ার মিরপুরে রোববার পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের একজন আঞ্চলিক নেতা নিহত হয়েছে।
নিহত চরমপন্থী সদস্যের নাম আসাদুল (২৯)।
পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ আমলা ইউনিয়নের অঞ্জনগাছী এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রাত ২টায় তাকে নিয়ে অভিযানে বের হয়। রাত আড়াইটার দিকে মিরপুরের চারমাইল নামক স্থানের একটি মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আসাদুলকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুক যুদ্ধ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধে আসাদুল পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অবস্থা বেগতিক দেখে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ চলাকালে মিরপুর থানার পুলিশ কনস্টেবল হানিফ আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত আসাদুল মিরপুর থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মিরপুর থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। আসাদুল ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। কয়েকমাস হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়ে আবারও সে অন্ধকার জগতে ফিরে যায়।
