২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল কর্মীদের হাতে জগন্নাথ হলের ৫ সাবেক প্রভোস্ট লাঞ্ছিত

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার কর্মীরা শনিবার হলের পাঁচজন সাবেক প্রভোস্টকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং হলের পাঁচ কর্মচারিকে প্রহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এসময় তারা টিভি রুম ভাংচুর এবং একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের ওপর হামলা করে।

সংবর্ধনা অনুষ্ঠানের দাওয়াপত্রে নিজেদের নাম না থাকায় হল শাখা ছাত্রদলের সভাপতি কিরিট মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক মিন্টু বোসের নেতৃত্বে দলের নেতাকর্মীরা দক্ষিণ ভবনের টিভি রুমের চেয়ার টেবিল ভাংচুর করে।

হলের সাবেক পাঁচ প্রভোস্ট ড. হিরন্ময় সেনগুপ্ত, ড. অজয় কুমার রায়, ড. ললিত মোহন নাথ, ড. পরেশ চন্দ্র মণ্ডল, অধ্যাপক জগদীশ চন্দ্র মজুমদারসহ হলের সম্প্রতি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যে একটি সংবর্ধনা আয়োজন করে হলের কর্মচারি কল্যাণ সমিতি। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

তবে ছাত্রদলের হল শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম দাওয়াতপত্রে ছিল বলে জানা গেছে। কিন্তু দলের নিলয়, পার্থ, অতনু, সবুজ এবং বহিরাগত তানভীর তাদের নাম দাওয়াতপত্রে না রাখায় কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি রতন লাল দে এবং সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র রায়কে হত্যার হুমকি দেয়।

এ ঘটনার পর দলের হল শাখার দু’টি গ্রুপে উত্তেজনা বেড়ে যায়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি গ্রুপ এবং সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বাধীন অপর গ্রুপের সমর্থকরা হলে মহড়া দিয়ে যাচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থীরা যে কোনও সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে।