৩৯ জন জেলের মৃত্যু, ৮৪ জেলে ফিরে এসেছে, আরও ১১৬ জন পথে
বরগুনায় ও পাথরঘাটায় শনিবার পর্যন্ত ৮ টি ট্রলারে ৮৪ জন জেলে ফিরে এসেছে।
অন্যদিকে পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজকে জানান, এফবি দোলা, এফবি সবুজ পাখি, এফবি কালী ও এফবি পলি নামক ট্রলারে আরও ১১৬ জন জেলেকে ভারত থেকে পাথরঘাটায় পাঠানো হচ্ছে।
এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শনিবার আরও ১১ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত খবর পাওয়া গেছে।
এরা হচ্ছেন-বরগুনার ঢালুযা এলাকার নান্টু মাঝি, শিপন, জলিল হাওলাদার, হেলাল হাওলাদার, মৌজে আলী খান, আফজাল হোসেন, বাদশা মিয়া, সহিদুল ইসলাম, রুস্তম আলী সর্দার, আইউব আলী ও হারুন মিয়া।
ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা জানান, ফিরে আসা জেলেদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি ওই ১১ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
ঢালুয়ার এফবি জননীর মালিক আ: রহিম জানান, তার ট্রলারের ১৩ জন, তালতলীর এফবি হকের ৮ জন এবং গুলিশাখালির ৪ ট্রলারের ৫৯ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে।
ফিরে আসা জেলেরা জানান, তারা সাগরে অসংখ্য লাশ ভেসে থাকতে দেখেছেন। শনিবার পাথরঘাটা থেকে দুটি ট্রলার লাশ উদ্ধারের জন্য সাগরে পাঠানো হয়।
