২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীনা দিবস ২০০৫ উদযাপিত: মীনা কার্টুনের নতুন পর্বের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজন ও শিশু-কিশোরদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার সারা দেশে ২০০৫ সালের মীনা দিবস উদযাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ বছরের মীনা দিবসের শ্লোগান ছিল: “ছেলে ও মেয়ে শিশুর সমান সুযোগ, আনবে বয়ে পরিবারের শান্তি ও সুখ”।

১৯৯৮ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে মীনা দিবস পালিত হয়ে থাকে। জনপ্রিয় কার্টুন চরিত্র মীনা শিশু অধিকার ও

ছেলে-মেয়ের সমান অধিকারের প্রতীক হিসেবে বাংলাদেশে অগণিত শিশুর মনে স্থান করে নিয়েছে।

কিশোর-কিশোরীদের থিয়েটার দল ‘ঝিনুকমালা’ একটি ভ্রাম্যমাণ ট্রাকে ঢাকার পাঁচটি স্থানে পরিভ্রমণ এবং মীনা গল্পের পথনাটক মঞ্চস্থ করে। স্থানগুলো হলো-শিশুপার্ক, গুলিস্তানের মুক্তাঙ্গন, বাহাদুর শাহ পার্ক, বাংলাদেশ শিশু একাডেমী এবং জাতীয় সংসদ ভবন।

বড় পোশাকে সাজানো মীনা, রাজু এবং টিয়া পাখি মিঠুকে দেখার জন্যে অনেক শিশু ভিড় জমায়।

বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে মীনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিশু যোগ দেয়।

শিশু একাডেমীর চেয়ারম্যান অধ্যাপিকা জোবায়দা গুলশান আরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিশু ও মহিলা বিষয়ক

মন্ত্রণালয়ের সচিব ব্যারিস্টার এম হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষিত সমাজেও শিশু অধিকার লঙ্ঘনের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মীনা দেখে শিশুরা অনুপ্রাণিত হয়েছে এবং তাদের দক্ষতা ও ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক একেএম আবদুল মুক্তাদির,

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মান্নান, ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী জনাব মো. খুরশেদ আলম, ইউনিসেফের শিশু উন্নয়ন এবং শিক্ষা বিভাগের প্রধান জেমস জেনিংস প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিসেফ নির্মিত মীনা কার্টুনের নতুন পর্ব ‘ফেয়ার প্লে ফর গার্লস’ উদ্বোধন করে জেমস জেনিংস মেয়ে

শিশুদের অধিকারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মেয়ে শিশুদের জন্যে শিক্ষার সমান সুযোগ তৈরি করতে হবে।

‘ফেয়ার প্লে ফর গার্লস’ দক্ষিণ এশিয়ার মেয়ে শিশুদের শিক্ষার পর্যাপ্ত ও সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইউনিসেফের একটি

উদ্যোগ। মেয়েদের শিক্ষিত করে তোলা সমাজের জন্যে শ্রেষ্ঠ বিনিয়োগ, এটি বারবার প্রমাণিত হয়েছে।

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দূর করার কাজ এগিয়ে নেয়া ২০০৫ সালে ইউনিসেফের একটি প্রধান লক্ষ্য।

সাম্প্রতিক এক জরিপের ফলাফল উল্লেখ করে ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী জনাব মো. খুরশেদ আলম জানান, দেখা

গেছে পৃথক এবং পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা মেয়েদের স্কুলে থাকতে সাহায্য করে। এক্ষেত্রে স্কুল স্যানিটেশন কর্মসূচি

মেয়েদের স্কুলে থাকার ব্যাপারে ভাল ফলাফল বয়ে এনেছে।

শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এছাড়া মীনা দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার, গণযোগাযোগ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সারা দেশে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।