ফেনীতে সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদকসহ ৩ জনের মৃত্যুতে শেখ হাসিনার শোক
আওয়ামী লীগ সভানেত্রী এবং সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শনিবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ তিনজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ফেনীর সদর উপজেলার চনুয়া এলাকার বাইপাস সড়কে শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এরা নিহত হন।
বিডিনিউজের ফেনী প্রতিনিধি জানান, শুক্রবার সন্ধ্যায় চনুয়া এলাকার বাইপাস সড়কের যাত্রাসিদ্ধি নামক স্থানে একটি মালবোঝাই লরি আরিফুর রহমানকে (২৪) বহনকারী মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এসময় মোটর সাইকেলের অপর দুই আরোহী আরিফের মামা নুরুল আলম (৩৫) ও মামাতো বোন ইমুও (৫) মারা যায়।
ঘটনার পরপরই ঘাতক লরিটি পালিয়ে যায়। শনিবার বিকেল পর্যন্ত পুলিশ লরি বা এর চালককে আটক করতে পারেনি।
আরিফুর রহমান ফেনী রোটার্যাক্ট ক্লাবেরও সহ-সভাপতি ছিলেন।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন।
