এ বছর হজ্বযাত্রীদের অতিরিক্ত খরচ গুনতে হবে
গত বছরের তুলনায় এ বছর সবুজ ক্যাটেগরির হাজীদের ২৬ হাজার টাকা এবং নীল ক্যাটেগরির ক্ষেত্রে ১৫ হাজার টাকা অতিরিক্ত খরচ হবে।
বৃহস্পতিবার সরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সংক্রান্ত ধর্ম মন্ত্রনালয়ের মনিটরিং সভায় একথা জানানো হয়।
সরকারিভাবে হজ্বে যেতে ইচ্ছুক সবুজ ক্যাটেগরির হাজীদের জন প্রতি এক লাখ ৫৮ হাজার ১৭২ টাকা এবং নীল ক্যাটাগরিতে এক লাখ ৪০ হাজার টাকা খরচ হবে বলে জানানো হয়।
আরও বলা হয়, সৌদি আরব এ বছরই মোয়াল্লেম খরচ বাবদ হাজীদের কাছ থেকে অতিরিক্ত ৯০ সৌদি রিয়েল চার্জ নির্ধারন করেছে।
সভায় ২০০৬ সালে হজ্বযাত্রীদের জন্য বাড়ি ভাড়া নেয়ার কাজ সম্পন্ন করতে বাড়ি ভাড়া কমিটিকে নির্দেশ দেয়া হয়।
সরকারিভাবে চার হাজার যাত্রীকে এবার হজ্বে পাঠানো হবে। এর মধ্যে সবুজ ক্যাটেগরিতে এক হাজার এবং নীল ক্যাটেগরিতে তিন হাজার জনকে হজ্বে পাঠানোর সিদ্বান্ত নেওয়া হয়।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান এর সভাপতিত্বে তার সচিবালয় অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে ধর্ম সচিব রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
