বালু উত্তোলন নিয়ে মুন্সীগঞ্জে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪
বালু উত্তোলনকে কেন্দ্র করে বুধবার সকালে মুন্সীগঞ্জের বিকারীবাজারে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে চার নেতাকর্মী আহত হয়েছে।
আহত নেতাকর্মীরা হচ্ছে যুবদলের মিরকাদিম শাখার সম্পাদক মফিজুর রহমান ইনু, ছাত্রদলের সহ সভাপতি সেন্টু (৩২), সাধারণ সম্পাদক তানজুল (৩০) এবং শাহীন (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে লিজ নেওয়ার কারণে মিরকাদিমের কাছে ধলেশ্বরীর তিলাদির চরে বালু তোলার দায়িত্ব পায় বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা গ্রুপ। কিন্তু সম্প্রতি বালু তোলার লিজ দেওয়ার কর্তৃত্ব ভূমি মন্ত্রণালয়ের অধীনে চলে যাওয়ার পর জেলা প্রশাসক খাস বালু তোলার ক্ষেত্রে ছাত্রদল নেতা পিন্টুকে ইজারাদার নিয়োগ করেন। এতে দু’পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এর সূত্র ধরে এ সংঘর্ষ বাধে।
সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে যুবদল নেতা ইনু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
