ভোলার মেঘনায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে ১৪ জন গুলিবিদ্ধ
ভোলার মনপুরা উপজেলার ঢালচর ও জগলার চরের মেঘনা নদীতে মঙ্গলবার রাতে পুলিশ এবং ডাকাতদের মধ্যে গুলিবিনিময়ে একজন পুলিশ ও তিনজন জেলেসহ ১৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ মনপুরার কাটাখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবেদার মো. ফরিদ, জেলে বাবুল শিকদার, কলিম উল্লাহ এবং মোশাররফকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মেঘনায় চট্টগ্রামগামী একটি কার্গোয় ডাকাতির খবর পেয়ে রামনেওয়াজ (কাটাখালি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ একটি মাছধরা ট্রলার নিয়ে ডাকাতদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।
পরে বন্দুকযুদ্ধের খবর পেয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। সংঘর্ষে অন্তত ১০ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে প্রদীপ কুমার দাবি করেন।
