সিরাজগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
সিরাজগঞ্জে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়।
নিহত সন্ত্রাসীর নাম লুৎফর রহমান (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি থানা পুলিশ মঙ্গলবার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রাম থেকে ১১টি হত্যা মামলার আসামী লুৎফর রহমানকে গ্রেফতার করে।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার রাতে ওই ইউনিয়নের ম্যাইঝাল কবরস্থান (পূর্ব) থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের এক পর্যায়ে লুৎফর (৩৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় পুলিশের এসআই শহিদুল ইসলাম এবং এএসআই এনামুল হক গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করে।
আহত দুই পুলিশ কে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত লুৎফরের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।
