মুফতি হান্নানের ছোটভাই আনিস কোটালিপাড়ায় গ্রেফতার
হরকাতুল জেহাদ নেতা মুফতি মাওলানা আব্দুল হান্নানের ছোটভাই মুন্সি আনিসুজ্জামান ওরফে সাগরকে পুলিশ মঙ্গলবার গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে গ্রেফতার করেছে।
২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী , আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জনসভাস্থলে বোমা পুঁতে রাখার ঘটনায় হত্যা চেষ্টা মামলার আসামী আনিস দেড় বছর আগে আদালত থেকে জামিনে মুক্তি পায়।
মামলায় আদালতে হাজির না হওয়ার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। তবে এ গ্রেফতারি পরোয়ানা নিয়েই আনিস ওরফে সাগর প্রকাশ্যে ঘুরে বেড়াতো।
১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর আনিস আবার গা ঢাকা দেয়। তখন থেকেই পুলিশ তাকে খুঁজছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে এবং গোপালগঞ্জে নিয়ে আসে।
