ঢাকায় বোমা হামলার সাথে সরাসরি জড়িত জেএমবি সদস্য গ্রেপ্তার
রাজধানীর বাইরে সংঘটিত ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার সাথে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) অনেক সদস্যকে এর আগে গ্রেপ্তার করা হলেও এই প্রথমবারের মতো ঢাকায় বোমা হামলার সাথে সরাসরি জড়িত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
টাঙ্গাইলের কালিহাতি থেকে ফয়সল নামের জেএমবির তৃণমূল পর্যায়ের ওই জঙ্গি সদস্যকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
এছাড়া বান্দরবন জেলা কাউন্সিল মসজিদের ইমাম এবং একই জেলায় অবস্থিত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার পরিচালক মওলানা আব্দুল মালেককে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে শাখাওয়াত হোসেন নামের জেএমবি’র এক সদস্য।
টাঙ্গাইলের কালিহাতিতে গ্রেপ্তারকৃত তরুণ জেএমবি সদস্য ফয়সাল ১৭ আগস্ট রাজধানীতে সংঘটিত বোমা হামলায় তার সশরীরে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ফয়সাল জানায়, ওই দিন সে এবং তার সঙ্গীরা নগরীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে বোমা পুঁতে আসে।
সে আরও স্বীকার করে, বোমা হামলার আগে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানের ভাই মওলানা আতাউর রহমান কালিহাতিতে গিয়ে প্রায় ৪০ জন তরুণকে ইসলামী জিহাদ সম্পর্কিত প্রশিক্ষণ দিয়েছিল।
বিডিনিউজ বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জেলা পরিষদ মসজিদের ইমাম ও ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার পরিচালক মওলানা আবদুল মালেককে ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত সন্দেহে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দেশ কাঁপানো সিরিজ বোমা হামলার পর সাংবাদিকদের কাছে চিঠি দিয়ে হুমকি প্রদানের ঘটনার সঙ্গে আবদুল মালেক জড়িত। গোয়েন্দারা মালেকের হাতের লেখা পরীক্ষা করে দেখেছে, তার হাতের লেখা ও সাংবাদিকদের কাছে পাঠানো চিঠির লেখা একই রকম।
পুলিশ আরো জানায়, মালেকের কাছ থেকে জেএমবির লিফলেটসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার রামচন্দ্রপুর উপজেলার জেএমবির সক্রিয় সদস্য শাখাওয়াত হোসেন পুলিশের কাছে আত্মসমপর্ণ করে বোমা হামলায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, শাখাওয়াতের শ্যালক এবং স্ত্রীকে গ্রেপ্তারের পরই সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
এদিকে নওগাঁয় গ্রেফতারকৃত জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আঞ্চলিক নেতা আব্দুল কাইয়ুম ওরফে কায়েস ১৭ আগস্ট বোমা হামলার কথা স্বীকার করে সোমবার পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে।
পুলিশ সোমবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।
নওগাঁ পুলিশ সুপার জামিল আহমেদ জানান, জামা’আতুল মুজাহিদীনের একজন কমান্ডারের নেতৃত্বে নওগাঁয় ১৭ আগস্ট বোমা হামলায় জেএমবির সাতজন জঙ্গি অংশ নেয়। নওগাঁ জজকোর্টের গাড়ি পার্কিং শেডের ভেতর বিস্ফোরিত বোমাটি কায়েস নিজে রেখে এসেছিল বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে কায়েস বাকি ছয় জঙ্গির নাম জানালেও ওই কমান্ডারের নাম বলতে পারেনি।
পুলিশ রোববার জেলার নিয়ামতপুর উপজেলার পরাণপুরে গ্রামের বাড়ি থেকে কায়েসকে গ্রেফতার করে।
কায়েসের দেওয়া তথ্য যাচাইসহ পুলিশ জঙ্গিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে।
নওগাঁয় এ পর্যন্ত মোট সাত জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, পবিত্র শবেবরাত এর রাতে জেলার দেওভঙ্গ নামক স্থানে এক শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণস্থল থেকে পুলিশ বোমা তৈরির সরঞ্জাম, ব্যাটারী, তার, গানপাউডার এবং কিছু বই উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়, জনৈক বেলালের ভাড়া করা বাসায় এ ঘটনা ঘটেছে।
তবে ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
