২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৩৬তম বৈঠক: প্রথমদিনে বড় ধরনের কোনও অগ্রগতি হয়নি

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৩৬তম বৈঠক সোমবার শুরু হয়েছে। শুরুতেই বৈঠকের অ্যাজেন্ডার ব্যাপারে মৃদু আপত্তি জানালেও ভারত ব্রহ্মপুত্র ও গঙ্গায় বন্যার আগাম সতর্কতার ব্যাপারে লিড টাইম বর্ধিত করতে রাজি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের নদী সংযোগ প্রকল্প, টিপাইমুখ বাধ, সীমান্তবর্তী নদীগুলোর ভাঙন এবং তিস্তাসহ আরও ছয়টি অভিন্ন নদীর পানি বন্টনের ব্যাপারে বাংলাদেশের দাবির পরিপ্র্রেক্ষিতে আগের অবস্থায় অবিচল রয়েছে এবং উন্নাসিকতা প্রকাশ করেছে ভারত।

সোমবার হোটেল শেরাটনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ এবং ভারতের পানিসম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বন্যার আগাম সতর্কতার ব্যাপারে বৈঠকের প্রথম দিনে ভারত আগের লিড টাইম ৪২ এবং ৪১ ঘণ্টার স্থলে ব্রহ্মপুত্র ও গঙ্গার ক্ষেত্রে যথাক্রমে ৬৬ এবং ৬৭ ঘণ্টা করার ব্যাপারে সম্মত হয়েছে।

আগের লিড টাইম বাংলাদেশের জন্য অনুকূল ছিল না। এক্ষেত্রে নতুন লিড টাইমের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অনুকূল হবে বলে হাফিজউদ্দিন আহমেদ জানান।

তিনি বলেন, বৈঠকের ব্যাপারে সন্তুষ্টি বা অসন্তুষ্টি প্রকাশের সময় এখনও আসেনি। দু’ বছর বন্ধ থাকার পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আলোচনা করার মতো অনেক বিষয় পড়ে আছে।

বৈঠকের অ্যাজেন্ডার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, অ্যাজেন্ডা নিয়ে খুব বড় কোনও সমস্যা হয়নি। আমাদের প্রতিপক্ষ তা মেনে নিয়েছে।

দু’ দিনের এ বৈঠকে উভয় দেশ গঙ্গার পানি বণ্টন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে।

প্রিয়রঞ্জন দাস মুন্সি নির্ধারিত সময় শেষ হওয়ার এক ঘণ্টা আগে বিকাল সাড়ে তিনটায় বৈঠক থেকে বেরিয়ে যান। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি আনন্দিত। আমরা বৈঠককে ফলপ্রসূ করে তুলতেই বসেছি।

এদিকে সোমবার ঢাকায় পৌঁছার কথা থাকলেও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জে হরি নারায়ণ প্রথমদিনের বৈঠকে উপস্থিত হননি।

প্রথমদিনের বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এসএম জহুরুল ইসলাম, ভারতে নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনার লিয়াকত আলী চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরিফ রফিকুল ইসলাম এবং যৌথ নদী কমিশনের সদস্য তৌহিদুল আনোয়ার খান।

অন্যদিকে ভারতের পক্ষে অন্যান্যের মধ্যে বৈঠকে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি, ডেপুটি হাইকমিশনার এস চক্রবর্তী, যুগ্মসচিব মোহন কুমার এবং নদী কমিশনের কেন্দ্রীয় চেয়ারম্যান জোয়াশিলন।