বঙ্গোপসাগরে শতাধিক মাছ ধরা ট্রলার ও দু’ সহস্রাধিক জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার ও সংলগ্ন উপকূলীয় এলাকার শতাধিক মাছ ধরার ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে।
নিখোঁজ রয়েছে দুই সহস্রাধিক জেলে। কক্সবাজার উপকূলে নিখোঁজ জেলে ও মাঝিমাল্লার পরিবার ও মাছ ধরা ট্রলারের মালিকদের হাহাকার চলছে।
জানা যায়, ট্রলার মালিকরা দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় টেলিফোনে তাদের নিখোঁজ ট্রলারের খোঁজখবর নিচ্ছে। কিছু কিছু ট্রলার দুর্যোগ পাড়ি দিয়ে ফিরে আসার পথে সাগরে ভাসমান ৫২ জনকে উদ্ধার করে নিয়ে এসেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাগরে সৃষ্ট লঘুচাপ ও স্থানীয় আবহাওয়া অফিসের ৩নং সতর্ক সংকেত থাকা সত্ত্বেও কক্সবাজার শহর ও সংলগ্ন বিভিন্ন উপকূলীয় এলাকার প্রায় দেড় শতাধিক মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে কয়েকদিন আগে মাছ ধরতে যায়। শনিবার দিবাগত গভীর রাতে মাছ ধরা এই ট্রলারগুলো লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। এতে প্রচণ্ড ঢেউ পাড়ি দিয়ে অর্ধ শতাধিক মাছ ট্রলার সোমবার পর্যন্ত ফিরে আসলেও আরও শতাধিক ট্রলার নিখোঁজ রয়েছে।
নিখোঁজ ট্রলারগুলোতে প্রায় দুই সহস্রাধিক জেলে রয়েছে যারা এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় বিভিন্ন ট্রলার ও জাহাজ বঙ্গোপসাগর থেকে কিছু জেলেকে উদ্ধার করেছে বলে জানা গেছে। বাকিদের কি অবস্থা হয়েছে তা নিশ্চিত করে জানা না গেলেও অনেকেরই সলিল সমাধি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ফিরে আসা জেলে আ. খালেক জানান, তার ২৬ বছরের জেলে জীবনে সাগরে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আর কখনোই হননি। তার মতে, শনিবার রাতে যেভাবে ঝড়ো হাওয়া শুরু হয় তাতে পুরো সমুদ্রে ধোঁয়াশার সৃষ্টি হয়। কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। তিনি অনেক কষ্টে উত্তাল সাগর পাড়ি দিয়ে নিজের ট্রলারটিকে কূলে নিয়ে আসতে পেরেছেন। দুর্যোগ কবলিত শত শত ট্রলারের ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বলে তিনি জানান।
