২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় একবার, চট্টগ্রামে দুইবার ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামসহ রোববার দুপুরে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

আবহাওয়া অফিস জানায়, ৪০ সেকেন্ড স্থায়ী এবং রিখটার স্কেলে পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র  থেকে ৩৮৯ কিলোমিটার দূরে।

তবে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় দেশের একমাত্র ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সঠিকভাবে ভুমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান নিরূপণ করা যায়নি।

রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ায় নগরীর বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বিশেষ করে উঁচু ভবনের বাসিন্দারা তৎক্ষণাৎ নিচে নেমে আসেন। কিন্তু কম্পন ব্যাপক না হওয়ায় ভয় কেটে গেলে পরে এ নিয়ে তারা হাসিঠাট্টায় মেতে ওঠেন।

এদিকে ভূমিকম্পের আঘাতে রাজধানীর রামপুরায় ছয়তলা একটি ভবনে ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়া আর কোন দুর্ঘটনার সংবাদ এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

বিডিনিউজের চট্টগ্রাম প্রতিনিধি জানান, তিন ঘন্টার ব্যবধানে রোববার বন্দর নগরী চট্টগ্রামেও পরপর দু’দফা ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় বেলা ১ টা ২৭ মিনিটে শুরু হওয়া  ৪০ সেকেন্ড স্থায়ী প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিলো ঢাকার সমান।

অন্যদিকে স্থানীয় সময় বেলা ৪ টা ১৪ মিনিট ০২ সেকেন্ডে শুরু হওয়া সাত সেকেন্ড স্থায়ী দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে তিন দশমিক দুই।

দ্বিতীয় ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৫১ কিলোমিটার দূরে।

কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে লোকজন ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। তবে নগরীর কোথাও কোন দুর্ঘটনা বা ধ্বসের সংবাদ পাওয়া যায়নি।

ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, এবারেরটি সহ দেশে এবছর মোট ২২ টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।