চলচ্চিত্রে অশ্লীলতা রোধে ফিল্ম সেন্সর সংশোধনী বিল সংসদে উত্থাপন
অশ্লীলতার কুপ্রভাব থেকে চলচ্চিত্র শিল্পকে রক্ষায় তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম ‘দি সেন্সরশীপ অব ফিল্ম (সংশোধন) বিল ২০০৫’, রোববার সংসদে উত্থাপন করেছেন।
বিলটি একমাসের মধ্যে যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত ব্যাখ্যায় বলা হয়েছে, বিনোদনের অন্যতম মাধ্যম চলচ্চিত্রে সেন্সরবিহীন পর্নো ছবি এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ দৃশ্য ও কাটপিস ব্যবহার করা হচ্ছে। যা যুব সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
চলচ্চিত্রকে অশ্লীলতার হাত থেকে মুক্ত করা না গেলে এতে সামাজিক অবক্ষয় আরো বাড়বে। এ কারণে প্রায় অর্ধ শতাব্দী আগে প্রণীত দ্য সেন্সরশীপ অব ফিল্ম, ১৯৬৩-কে যুগোপযোগী করার জন্য আইনের সংশোধন আনা হয়েছে।
এছাড়া রোববার সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিল, ২০০৫ ও বাংলাদেশ পিওর ফুড (সংশোধন) বিল, ২০০৫ সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে উত্থাপন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শামসুল আলম প্রামাণিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার সুপারিশকৃত আকারে বিলগুলো সংসদে উত্থাপন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিলটি ১১ সেপ্টেম্বর এবং পিওর ফুড (সংশোধন) বিলটি ১৩ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয়। পরে বিলগুলো যাচাই-বাছাইয়ের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
