রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ভিআইপিদের পারিতোষিক বৃদ্ধির বিল সংসদে পাস
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পারিতোষিক বাড়ানোর চারটি বিল রোববার সংসদে পাস হয়েছে।
বিচারপতি এবং সংসদ সদস্যদের পারিতোষিক বৃদ্ধি সংক্রান্ত অপর দু’টি বিল পরবর্তী কার্যদিবসে পাস হবে বলে জানা গেছে।
বিল পাসের ফলে রাষ্ট্রপতির ১০,৪০০, প্রধানমন্ত্রীর ১০,০০০, স্পিকারের ৯,৭০০, ডেপুটি স্পিকারের ৯,৫০০, মন্ত্রীর ৯,০০০, প্রতিমন্ত্রীর ৮,১০০ এবং উপমন্ত্রীর ৭,৬৫০ টাকা পারিতোষিক বৃদ্ধি হয়েছে।
পাসকৃত বিলগুলো হচ্ছে: ‘দি প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০০৫’, ‘দি প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০০৫’, দি স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০০৫’, এবং ‘দি মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০০৫’।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের পারিতোষিক বৃদ্ধি সম্পর্কিত তিনটি বিল পাসের জন্যে সংসদে উত্থাপন করেন। অপর বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।
পারিতোষিক বৃদ্ধি সংক্রান্ত ছয়টি বিল গত ১১ সেপ্টেম্বর সংসদে পেশ হয়। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যাচাই বাছাই শেষে সুপারিশকৃত আকারে বিলগুলো ১৪ সেপ্টেম্বর সংসদে উত্থাপন করে।
পাস হওয়া বিলগুলো আইনে পরিণত হওয়ার পর রাষ্ট্রপতির পারিতোষিক ২৩,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩৩,৪০০ টাকা এবং প্রধানমন্ত্রীর পারিতোষিক ২২,০০০ থেকে ৩২,০০০ টাকায় উন্নীত হবে। স্পিকারের পারিতোষিক ২১,৫০০ টাকা থেকে বেড়ে হবে ৩১,২০০ টাকা এবং ডেপুটি স্পিকারের পারিতোষিক ২০,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকা।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পারিতোষিক যথাক্রমে ২০,০০০; ১৮,০০০ এবং ১৭,০০০ টাকা থেকে বেড়ে ২৯,০০০, ২৬,১০০ এবং ২৪,৬৫০ টাকা করা হবে।
‘দি সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল পাস হলে প্রধান বিচারপতির পারিতোষিক ২১,০০০ টাকা থেকে ৩০,৫০০ টাকা, আপীল বিভাগের বিচারপতিদের পারিতোষিক ২০,০০০ থেকে ২৯,০০০ টাকা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পারিতোষিক ১৮,৫০০ টাকা থেকে ২৭,০০০ টাকায় উন্নীত হবে।
অন্যদিকে ‘দি মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্স) (সংশোধন) বিল, ২০০৫’ পাস হওয়ার পর সাংসদদের পারিতোষিক ১০,০০০ থেকে বেড়ে ১৫,০০০ টাকা হবে।
