পবিত্র শবে বরাত সোমবার
সোমবার ১৯ সেপ্টেম্বর পবিত্র শবে বরাত। বিশ্বের মুসলমানরা দিবাগত এই রাতে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
আল্লাহ্ লায়লাতুল বরাতের রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন। ক্ষমাপ্রার্থীদের ক্ষমা করেন। মোনাজাত কবুল করেন দয়া প্রার্থীদের।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাণী দিয়েছেন।
তারা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের সালাম ও মোবারকবাদ জানিয়ে সকল ভেদাভেদ ভুলে জাতীয় সমৃদ্ধি ও পাপ মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনার আহ্বান জানান।
শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটির দিন।
এ উপলক্ষে সোমবার দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। তবে সোমবার দৈনিক পত্রিকা অফিস বন্ধ থাকায় মঙ্গলবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শবে বরাত উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, নফল নামাজ এবং আখেরি মোনাজাতসহ ব্যাপক আয়োজন করেছে।
