বিমানের ওয়েব সাইট ভুল তথ্যে ভরা
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েব সাইট ভুল তথ্যে ভরা। এতে যেসব তথ্য রয়েছে, তার অধিকাংশই তিন-চার বছরের পুরনো। ওয়েব সাইটটিতে তথ্যশূন্যতাও রয়েছে প্রচুর।
বিমান সূত্র জানায়, করপোরেট ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিস (সিএমআইএস) নামক বিভাগের দায়িত্ব বিমানের ওয়েব সাইট পরিচালনা করা। এতে কর্মরত রয়েছেন ৩০ জন কর্মকর্তা-কর্মচারি। তারা বলছেন, আনুষ্ঠানিকভাবে হালনাগাদ তথ্য না থাকায় বিমানের ওয়েব সাইটের এ অবস্থা।
দেখা যায়, ওয়েব সাইটে বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে পাঁচটি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮সহ ১৩টি উড়োজাহাজ বহরের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে দুর্ঘটনার কারণে বিমানের একটি এয়ারবাস ও এফ ২৮ অনেক আগেই বিধ্বস্ত হয়েছে।
ওই হোম পেজে যেসব হলিডে প্যাকেজ রয়েছে, তার অধিকাংশই চলতি গরম আবহাওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এসব প্যাকেজ তিন-চার বছর আগে ঘোষণা করা হয়।
বিমান পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সাবেক সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমডোর জাহেদ কুদ্দুসের নাম রয়েছে। অথচ বছর খানেক আগে পদাধিকার বলে তার স্থলাভিষিক্ত হয়েছেন সিভিল এভিয়েশনের বর্তমান চেয়ারম্যান এয়ার কমডোর হারুন অর রশিদ।
আসন্ন হজ ফ্লাইটসহ জনগুরুত্বপূর্ণ হালনাগাদ কোনও তথ্যও নেই বিমানের ওয়েবে। সেখানে এ বছরের মাত্র দুটি সংবাদ দেওয়া হয়েছে। বাকী সবই অনেক পুরনো সংবাদ।
এ বিষয়ে সিএমআইএস’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওয়েব সাইটের ভুল তথ্য ও তথ্যশূন্যতার কথা স্বীকার করেন। বিডিনিউজকে তিনি বলেন, বিমানের সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে হালনাগাদ তথ্য সরবরাহ করা হয় না বলেই সাইটের ওই দশা। এছাড়া যথাযথ দিকনির্দেশনার অভাবও রয়েছে।
অন্যদিকে বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, হালনাগাদ তথ্য ও সংবাদ বিজ্ঞপ্তি সিএমআইএস’কে সব সময়ই সরবরাহ করা হয়। কিন্তু গড়িমসি করে সিএমআইএস বিভাগ এসব তথ্য হালনাগাদ করে না।
