২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ভারত জেলা পর্যায়ের সীমান্ত বৈঠক সমাপ্ত, দু’পক্ষের মধ্যে সীমান্ত সন্ত্রাসীদের তালিকা বিনিময়

বাংলাদেশ ও ভারতের মধ্যে জেলা পর্যায়ের দুদিন ব্যাপি সীমান্ত বৈঠক গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে সমাপ্ত হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দল গত শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পিলার, চোরাচালান, সীমান্ত এলাকার অমিমাংসিত জমি এবং সীমান্ত এলাকার অপরাধী ও সন্ত্রাসীদের তৎপরতা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে দু’পক্ষ একে অপরের হাতে সীমান্ত এলাকার সন্ত্রাসীদের তালিকা তুলে দেয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসক এবং দলের অন্য সদস্যরা হচ্ছে কুষ্টিয়ার পুলিশ সুপার মাসুদ উল হাসান, বিডিআর কুষ্টিয়া সেক্টরের ৯ নং রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার এডিসি (সার্বিক) এমএ আহাদ ও ভূমি জরিপ অধিদপ্তরের সহকারি পরিচালক আতাউর রহমান মোড়ল। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন নদীয়ার জেলা প্রশাসক রাজেশ পান্ডা এবং সদস্য হিসেবে ছিলেন পুলিশ সুপার আর রাজ শেখরণ, বিএসএফ কমান্ডার এনএম সোনোয়াল প্রমুখ।

সন্ত্রাসীদের তালিকা বিনিময় সম্পর্কে প্রশ্ন করা হলে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা জামাল নাসের চৌধুরী বিডিনিউজকে জানান, তালিকাভূক্ত সন্ত্রাসীদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত পিলার নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পিলার কিছু ভেঙ্গে গেছে, কিছু হারিয়ে গেছে। সীমান্তের পিলার চিহ্নিত করা এবং মেরামত করার ব্যাপারে একসঙ্গে কাজ করতে বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়।