২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণী ম্যাজিস্ট্রেটকে টিজ করায় পরীক্ষা দেয়া হলো না কুষ্টিয়ার ২ ছাত্রের

তরুণী ম্যাজিস্ট্রেটকে টিজ করার কারণে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের দুই ছাত্রের শিক্ষা জীবন এক বছর পিছিয়ে গেল।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তারা এখন জেল হাজতে। শনিবার পদার্থ বিজ্ঞান, পার্ট-২ এর ফাইনাল পরীক্ষা দিতে পারেনি তারা। কলেজ কর্তৃপক্ষের শত চেষ্টা সত্ত্বেও প্রশাসন তাদের মুক্তি দেয়নি।

এদিকে, দুই কলেজ ছাত্রের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনরত সর্বদলীয় ছাত্র ঐক্য শনিবার থেকে কলেজে সর্বাত্মক ছাত্র ধর্মঘট ডেকেছে। কলেজের সকল বিভাগে তারা তালা ঝুলিয়ে দিয়েছে।

বড় রকমের গোলযোগের আশংকায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তেজনাকর পরিস্থিতিতে কলেজের শিক্ষকবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে ওই দুই ছাত্রকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, বন্দি দুই ছাত্রের মুক্তির দাবিতে রোববার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটসহ জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য।

গত বুধবার ওই দুই ছাত্র-ইব্রাহিম খলিল ও রুহুল আমিন নিজেদের প্রয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ে যায়। কার্যালয়ের বারান্দায় দাড়িয়ে তারা নিজেদের মধ্যে কথা বলার এক পর্যায়ে হাসাহাসি করছিল। ঠিক সেসময়ই পাশ দিয়ে যাচ্ছিলেন সদ্য চাকরিতে যোগ দানকারী ম্যাজিস্ট্রেট রওনক জাহান সোমা। তাকে টিজ করা হয়েছে দাবিতে তিনি ওই দুই ছাত্রকে চ্যালেঞ্জ করলে তারা কোনও সদুত্তর দিতে ব্যর্থ হয়। এরপর তিনি পুলিশ ডেকে তাদের গ্রেফতার করান। ম্যাজিস্ট্রেটের নির্দেশে কোনও সুনির্দিষ্ট মামলা ছাড়াই দুই ছাত্রকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরী বলেন, ইভ টিজিং আমাদের দেশের একটি মারত্মক সমস্যা। এর জন্য কঠোর আইন রয়েছে। আইন অনুযায়ী ওই দুই ছাত্রের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।