২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির অনুবাদ সংস্থা ২২ বছরে করেছে ১টি বই, বরাদ্দের লাখ লাখ টাকায় ছাপা হয় শিক্ষকদের ডক্টরাল থিসিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুবাদ সংস্থা গত ২২ বছরে মাত্র একটি বই অনুবাদ করেছে। অনুসন্ধান করে জানা গেছে, জ্ঞান বিজ্ঞানের গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী বাংলা ভাষায় অনুবাদ করার জন্য এ পর্যন্ত পঁয়ত্রিশ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই অর্থ অনুবাদের কাজে ব্যয় না করে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের ডক্টরাল থিসিস প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জান্নাতুল ফেরদাউস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তবে বই অনুবাদ না করার কারণ সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, শিক্ষকদের অনীহা ও প্রকাশনা সংক্রান্ত কাজে দীর্ঘসূত্রতার কারণে তারা বই অনুবাদ করে ছাপাতে পারছেন না।

স্বাধীনতার পরে মাতৃভাষায় শিক্ষা প্রসারের জন্য উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে অধ্যাপক সরদার ফজলুল করিম অনুদিত ‘প্লে¬টোর রিপাবলিক’ প্রকাশ করে। বিশ্বের গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী বাংলা ভাষায় অনুবাদ করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৮৩ সালে পৃথক অনুবাদ সংস্থা গঠন করে এবং এরপর থেকে প্রতি বছর অনুবাদ করার জন্য লক্ষাধিক টাকা বরাদ্দ করা হচ্ছে। ১৯৮৭-৮৮ অর্থবছরে এ খাতে অর্থ বরাদ্দ অনিয়মিত হলেও ১৯৮৮-৮৯ অর্থবছর থেকে আবার অর্থ বরাদ্দ হতে থাকে। ১৯৯৮-৯৯ অর্থবছর পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনুবাদ সংস্থার জন্য বরাদ্দকৃত খাতের পাশে ‘বাংলা ভাষায় পুস্তক প্রণয়নসহ’ লেখা থাকতো। এরপর আর কোনো অর্থবছরে এ কথা লেখা না থাকলেও নিয়মিত অর্থ বরাদ্দ হতে থাকে।

১৯৮৭ সালের ২১ এপ্রিল সিন্ডিকেটের এক সভায় অনুবাদ, বিপণন ও মুদ্রণ শাখাকে এক করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা গঠন করা হয়। এরপর থেকে প্রকাশনা সংস্থার অধীনে অনুবাদ সংস্থা খাতে টাকা বরাদ্দ করা হচ্ছে। চলতি অর্থ বছরে অনুবাদের জন্য বরাদ্দ করা হয়েছে এক লাখ টাকা। ২০০২-০৩ এবং ২০০৩-০৪ অর্থ বছরে মোট ছয় লাখ টাকা অনুবাদের জন্যে বরাদ্দ করা হয়।

আরও জানা গেছে, অনুবাদের জন্য গত ২২ বছরে লাখ লাখ টাকা বরাদ্দ করা হলেও এ পর্যন্ত বই অনুবাদ হয়েছে মাত্র একটি। বইটি হচ্ছে অধ্যাপক ম.আখতারুজ্জামান অনুদিত ‘জিনের ভাষা’ (জীব বিদ্যা,ইতিহাস ও বিবর্তন ভবিষৎ)।

২০০১ সালে বইটি প্রকাশিত হয়। এছাড়া দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.হাসনা বেগম অনুদিত এরিস্টটলের ‘নিকোমেকিয়ান এথিক্স’ নামে একটি বই প্রকাশের প্রক্রিয়া চলছে।

কেন যুগপোযোগী এবং প্রয়োজনীয় বই অনুবাদের কাজ হচ্ছে না, এ প্রশ্নের উত্তরে প্রকাশনা সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আহমদ কবির বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে শিক্ষকদের আগ্রহই সবচেয়ে বেশি থাকা দরকার। কিন্তু, দু:খজনক হলেও সত্য, এখন শিক্ষকরা পাণ্ডুলিপি জমা দিতে আগ্রহী না।

তিনি আরও জানান, বিভিন্ন প্রক্রিয়াগত কারনে বই প্রকাশের কাজ ধীরগতিতে চলে। তাই শিক্ষকরা এখন বেসরকারি প্রকাশকদের কাছ থেকে বই প্রকাশে আগ্রহী।

পাণ্ডুলিপি নির্বাচন সম্পাদনা ও অনুবাদ শাখার সচিব অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বরাদ্দকৃত টাকা সম্পর্কে জানান, অনুবাদের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে শিক্ষকদের ডক্টরাল থিসিস প্রকাশ করা হয়।