প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিনেও বাংলাদেশীদের বিক্ষোভ
জাতিসংঘ বিশ্ব সম্মেলনে যোগ দিতে যাওয়ার পর থেকেই প্রবাসী বালাদেশীদের বিক্ষোভের মুখে পড়ছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার প্রধানমন্ত্রীর সফরের তৃতীয় দিনেও নিউইয়র্কে বাংলাদেশীরা বিক্ষোভ সমাবেশ করে।
প্ল্যাকার্ড, ব্যানার এবং সরকার বিরোধী স্লোগান সহকারে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদসহ ২০ টি সংগঠনের প্রায় ১০০ বাংলাদেশী শেরাটন ম্যানহ্যাটন হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এখানেই ক্লিনটন ইন্সটিটিউটে তিনদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে জরুরী বৈঠকের কারণে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে জনসমাবেশে প্রধানমন্ত্রীর নির্ধারিত বক্তৃতা বাতিল হয়ে যায়।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সীতাংশু গুহ সাংবাদিকদের বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কারণে তারা খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে।
প্রতিবাদ সমাবেশের আয়োজনকারিরা বলেন, তারা প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল গ্র্যাণ্ড হায়াত ও শেরাটন ম্যানহ্যাটন হোটেলের সামনে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রাখবে। তারা জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে। তবে কৌশলগত কারণে তারা নির্ধারিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করতে পারবে না।
ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্রের প্রধানগন এবং শ’ শ’ অতিথি ক্লিনটন ইন্সটিটিউটে গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের বক্তৃতা শোনেন।
