বোমা তৈরির সরঞ্জামসহ নাটোরে চার জেএমবি সদস্য আটক
নাটোরের মিরপুর এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ বোমা তৈরির সরঞ্জামসহ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রাজশাহী থেকে গ্রেফতারকৃত জেএমবির সদস্য’র দেয়া তথ্যের ভিত্তিতে নাটোর পুলিশ শহরের মিরপুরের মৃত খাদেমুল ইসলামের বাসায় অভিযান চালায়। পুলিশ বাসার দরজায় টোকা দিলে ঘরের ভেতর অবস্থানরত জঙ্গিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষন শুরু করে। পরে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং চার জঙ্গিকে আটক করে।
অভিযানের সময় জঙ্গিদের বিশেষভাবে তৈরি বোমার আঘাতে এএসপি রুহুল আমিন এবং নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইমদাদুল হক আহত হন। পুলিশ বিপুল পরিমান গান পাউডার, পেন্সিল ব্যাটারি, অডিও ক্যাসেট, বুকলেট, ভিটামিন, হারবাল তেল ও অন্যান্য ওষুধ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, বিশেষভাবে তৈরি স্টিক বোমা, হাত মোজা, ২০ জোড়া জুতাসহ বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো-নওগাঁর ঈদগাঁ জামে মসজিদপাড়ার মৃত ফজলুল হকের ছেলে হাফুজুর রহমান হাফিজ, নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বুড়িরবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসিবুর রহমান, রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুতসা গ্রামের শাহাদত হোসেনের ছেলে আব্দুল মতিন এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ওমর আলীর ছেলে শিহাব। গ্রেফতারকৃতদের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে।
গ্রেফতারকৃতদের মধ্যে হাফিজ ও হাসিব পরে পুলিশ এবং সাংবাদিকদের জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণের ঘটনায় তারা জড়িত ছিল।
পুলিশ জানায়, জেএমবি ক্যাডাররা ছয় মাস আগে মৃত খাদেমুল ইসলামের বাসাটি ভাড়া নেয় এবং এটি তাদের আত্মগোপন করে থাকার জন্য ব্যবহৃত হতো। পুলিশ আরও জানায়, অভিযানের সময় বেশ কয়েকজন সঙ্গী বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
এদিকে শহরের স্টেশন বাজারে দেয়াল লিখনের সময় জেএমবি ক্যাডার শিহাবকে তার তিন সহযোগিসহ গ্রেফতার করা হয়।
