৬ বছরের আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পেয়েছে মালয়েশিয়ার ৪১ অভিবাসী বাংলাদেশী শ্রমিক
আইনগত বৈধতা না থাকা, মালিকের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসা ৫১ জন বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের মধ্যে ৪১ জনকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে।
১৯৯৯ সালে মালয়েশীয় একটি বেসরকারি সংস্থার সহায়তায় অধিকার আদায়ের জন্যে শ্রমিকরা কর্মরত কোম্পানীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ প্রদান করে।
শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শ্রমিকদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয়। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়ে কর্মরত বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) শিসউক ক্ষতিপূরণের চেক প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে।
শ্রম ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার এনজিও তানাগানিতা’র পরিচালক ড. আইরিন ফার্নান্দেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন এমপি। আরও বক্তব্য রাখেন আইওএম’র আঞ্চলিক প্রতিনিধি শহিদুল হক, ইউনিফেম বাংলাদেশ'র মিস গুল আফরোজ মাহবুব ও টিআইএম জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আইরিন ফার্নান্দেজ বেেলন, ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে বুর্জোয়াদের চপোটাঘাত করে অধিকার আদায়ের যুদ্ধে শ্রমিকরা বিজয়ী হয়েছে।
তিনি আরও া বলেন, বাংলাদেশী শ্রমিকদের দায়ের করা মামলার ফলেই অভিবাসী শ্রমিকরা সে দেশের শ্রমিকদের সমঅধিকার ও সুযোগ সুবিধা ভোগ করার অধিকার পেলেন।
মোশাররফ হোসেন এমপি বলেন, অভিবাসীদের জন্য আইনি বিধিমালা তৈরি হচ্ছে। এর ফলে অভিবাসীরা ন্যায্য অধিকার পাবেন।
গুল আফরোজ বলেন, বিভিন্ন দেশে অভিবাসীদের ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধার তালিকা অভিবাসীদের দেওয়া উচিত।
অনুষ্ঠানে জানানো হয় মালয়েশিয়ার ফেডারেল আদালতের নির্দেশে ‘চুং ওয়াহ প্লাস্টিক’ কোম্পানি ক্ষতিপূরণের এ টাকা প্রদান করে। ফেডারেল আদালত ১২৭ জন শ্রমিককে প্রায় চার কোটি টাকা ক্ষতি পূরণ প্রদান করে। ইতিমধ্যে অধিকাংশ শ্রমিক তাদের ক্ষতিপূরণের টাকা পেয়েছে। কেউ কেউ আবার কোম্পানির সঙ্গে আপোস করেছে। মামলা পরিচালনার সময়ে ৫১ জন শ্রমিক দেশে ফিরে আসে। যোগাযোগ করা যায়নি বলে ১০ জনকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি।
১৯৯৯ সালে চুক্তি অনুযায়ী উক্ত কোম্পানিতে কর্মরত ১২৭ জন বাংলাদেশী শ্রমিক বেতন ভাতা বৃদ্ধি, ওভারটাইম এর জন্য নির্ধারিত মজুরি এবং অন্যান্য সুবিধা না দেওয়ার অভিযোগে শ্রম আদালতে মামলা দায়ের করে। শ্রম আদালত শ্রমিকদের ক্ষতিপূরণের নির্দেশ দেয়। শ্রম আদালত একাধিক শুনানী শেষে ২০০০ সালের ২৪ এপ্রিল ফেডারেল আদালত শ্রম আদালতের রায় বহাল রাখে।
