বাগেরহাটে আটক ২ জেএমবি নেতা জেইসিতে
বাগেরহাটে আটক দুই জেএমবি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেইসি) পাঠানো হয়েছে। শুক্রবার বাগেরহাট থেকে বিশেষ পুলিশ প্রহরায় মো: বারাকাতুল্লাহ আল মোর্শেদ (২৮) ও মাওলানা আব্দুল্লাহ গাজী (৩৫) কে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আদালত জিজ্ঞাসাবাদের জন্য আল মোর্শেদকে সাত দিন এবং আব্দুল্লাহ গাজীকে ৮ আট দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে।
এদিকে বাগেরহাট পুলিশ বোমা হামলায় সম্পৃক্ত ১০ জঙ্গিকে খুঁজতে বৃহস্পতিবার রাতে জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালায়। এ সময় ঢাকায় গ্রেফতারকৃত কিশোর জঙ্গি শহিদুলের মোল্লাহাটের গারফা গ্রামের বাড়িতেও অভিযান চালানো হয়। তবে পুলিশ সেখানে কাউকে পায়নি বলে জানা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামাল জানান, ঢাকায় জেইসিতে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো মো: বারাকাতুল্লাহ আল মোর্শেদ ইতোমধ্যে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ১৭ আগস্ট বাগেরহাটে বোমা হামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
স্বীকারোক্তি অনুযায়ী, বোমা সরবরাহকারী মাওলানা গাজী আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাটে বোমা হামলা মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
জেইসিতে পাঠানো মো: বারাকাতুল্লাহ আল মোর্শেদ বাগেরহাট সদরের কালদিয়া গ্রামে অবস্থিত আল মারকাজুল আস্ সালাফী ইসলামী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। সে ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল উপজেলার ধুনিয়া গ্রামের ওয়াছের আলীর পুত্র। তাকে গত ২৪ আগস্ট গ্রেফতার করা হয়। মাওলানা গাজী আব্দুল্লাহ বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদহ মাদ্রাসার শিক্ষক এবং আড়ুয়াবন্নি গ্রামের রতন গাজীর পুত্র। তাকে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়।
