‘বাংলাদেশে এমন কিছু ঘটেনি যার জন্য জাতিসংঘের পর্যবেক্ষণ দরকার’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশে এমন কোনও ঘটনা ঘটেনি যার জন্য জাতিসংঘের পর্যবেক্ষণ দল পাঠানোর দরকার আছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়টি উত্থাপন করতে প্রেসিডেন্ট বুশকে প্রভাবিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে দেয়া ১৬ জন মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জহিরুল হক বলেন, আমরা এটিকে সিনেটর এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ হিসেবেই দেখছি।
জাতিসংঘের পক্ষ থেকে এ ধরনের কোনও পর্যবেক্ষন দল পাঠানোর প্রয়োজনীয়তার কথা তিনি প্রত্যখ্যান করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ভেতরে এবং বাইরে কিছু গ্রুপ আছে, যারা সরকারকে বিব্রত করতে চায়। তারা হয়ত ওই সিনেটরদের আরও উস্কে দিতে পারে।
তবে এতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না বলে তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা এবং বিরোধী দলের এমপি এসএএমএস কিবরিয়া হত্যাকাণ্ডসহ অন্যান্য সহিংস ঘটনার কথা উল্লেখ করে মার্কিন আইনপ্রণেতাগণ এ ব্যাপারে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত সফল করতে বাংলাদেশে একটি তদন্ত দল পাঠানোর বিষয়টি জাতিসংঘে উত্থাপন করতে প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানান।
মার্কিন আইন প্রণেতারা কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত এবং বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়গুলো বিস্তারিতভাবে খতিয়ে দেখতে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন। তারা কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলে বাংলাদেশে জাতিসংঘের স্বাধীন পর্যবেক্ষক দল পাঠানোরও আহ্বান জানান।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাসের মন্তব্যের ব্যাপারে সংসদে স্পিকারের রুলিং দেওয়ার কথা উল্লেখ করে জহিরুল হক বলেন, তাকে উদ্ধৃত করে সংবাদপত্রগুলো যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সঠিক ছিল না।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে উকিল নোটিশ পাঠানো হয়, মুখপাত্র তাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে অব্যাহত প্রচারণার অংশ হিসেবেই এটি করা হয়েছে।
তবে তিনি বলেন, যে কেউ যে কারও বিরুদ্ধে উকিল নোটিশ দিতে পারে।
এদিকে নিউইয়র্ক কনস্যুলেট অফিসে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষের ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
